ফারুকের মায়ের হাতে দুই লাখ টাকার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে বিএনপির ডাকা হরতালের সহিংসতায় নিহত মোহাম্মদ ফারুক হোসেনের মা শিরিন বেগমের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। খবর বাসসের।ফারুকের মা শিরিন বেগম, ভাই মোহাম্মদ সেলিম ও দুই বোন আসমা আকতার ও মিথিলা আকতার গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই চেক হস্তান্তর করেন।গণভবন সূত্র জানায়, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফারুকের মৃত্যুর পর পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নিহত ফারুকের মাকে গণভবনে মালি হিসেবে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীকে শিরিন বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি কিছুই চাই না। আমি আমার ছেলের খুনিদের মৃত্যুদণ্ড চাই।’ নিহত ফারুকের মায়ের কান্না দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। গত ২৭ জুন বিরোধী দল বিএনপির ডাকা হরতালের কয়েক ঘণ্টা আগে ২৬ জুন রাতে রাজধানীর মগবাজার এলাকায় হরতাল-সমর্থকেরা মোহাম্মদ ফারুক হোসেন ও তাঁর বন্ধু সুমনের ট্যাক্সিক্যাবে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে তাঁরা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। ২৮ বছর বয়সী ফারুক ১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান। ফারুক তাঁর মা, ছোট ভাই ও দুই বোনকে নিয়ে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার ডিস্টিলারি রোডে থাকতেন।