ফারুকের শিকলবন্দী দিনরাত
দিনের বেলা গাছের সঙ্গে আর রাত হলে বাড়ির একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ফারুক মিয়াকে (২৬)। দুই বছর ধরে এভাবেই কাটছে প্রতিবন্ধী এ তরুণের জীবন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মিরাশানী গ্রামে। বাড়ির লোকজন বলছেন, তিনি ছাড়া থাকলেই মানুষকে মারধর করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার মিরাশানী গ্রামের মো. জহির মিয়ার ছেলে ফারুককে বাড়ির লোকজন প্রতিদিন সকাল হলেই বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে শিকল দিয়ে। শুরুতে এলাকার লোকজন এর প্রতিবাদ করলেও ফারুকের পরিবার তা আমলে নেয়নি। মনতলা এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘প্রথমে লোকজনের কাছ থেকে শুনে একদিন ফারুকের বাড়িতে যাই। ফারুকের এই অবস্থা কেন—জিজ্ঞাসা করলে বাড়ির লোকজন বলেন, ‘‘সে পাগল।”’ ফারুকের বাবা প্রথম আলোকে বলেন, ‘ফারুক আগে একটি যাত্রীবাহী বাসের চালকের সহকারী ছিল। দুই বছর আগ থেকে সে পাগলামি শুরু করে।’ চিকিৎসা কেন করাচ্ছেন না জানতে চাইলে তিনি জানান, অনেক কবিরাজি করিয়েছেন। কোনো কাজ হয়নি। শিকল দিয়ে বাঁধা ফারুক বলেন, ‘আমি পাগলামি করি না। আমাকে ছেড়ে দিলে আবার গাড়িতে চলে যাব।’ মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বলেন, ‘কেউ এ বিষয়ে কখনো অভিযোগ করেননি। তবে আমরা খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’