ফার্নিচার মার্কেটে আগুন, ১৩ দোকান ও ৩২ ঘর ভস্মীভূত
অগ্নিকাণ্ডে চট্টগ্রাম নগরের আসকারদীঘির পাড় এলাকায় ফার্নিচার মার্কেট সম্পূর্ণ পুড়ে গেছে। এখানে ১৩টি দোকানের পাশাপাশি ৩২টি বস্তিঘর পুড়ে গেছে।
গতকাল রোববার সকাল পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৯৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকার বেশি। এখানকার একটি ছাড়া সবগুলো দোকান পুড়ে গেছে। একটি দোকান কেবল আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ছয়টার দিকে আসকারদীঘির উত্তর পাড়ে একটি ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের পাশের বস্তিতেও আগুন লেগে যায়।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ফার্নিচার দোকানের নিচে রয়েছে কারখানা। এখানে কাঠ, ফোম, থিনার, রাসায়নিক সামগ্রী, রং, তুষ, কাঠের গুঁড়ি, বোর্ড ও অন্যান্য দাহ্য পদার্থ রয়েছে। এর ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, ‘দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের ১১টি গাড়ি বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরপর বিভিন্ন স্থান থেকে ওঠা ধোঁয়া নির্বাপণ করা হয়।’ আগুনে ১৩টি দোকান ও ১৬ কক্ষবিশিষ্ট দুটি বস্তি পুড়ে যায়। এতে ৯৬ লাখ টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস জানায়।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোয়ালিটি ফার্নিচার দোকানের মালিক ছিদ্দিক আহমদ দাবি করেন, ক্ষয়ক্ষতি ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘প্রতিটি দোকানে কোটি টাকার তৈরি ফার্নিচার ছিল। এ ছাড়া ছিল অনেক কাঁচামাল। আমরা কিছুই বের করতে পারিনি।’
আগুন লাগার খবর পেয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের তালিকা তৈরি করেন। রাব্বী মিয়া বলেন, ‘তালিকা তৈরি করে আমরা ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে সাহায্য দেব। এ ছাড়া ফার্নিচার দোকানিদের ক্ষতি বেশি হয়েছে।’