ফার্নিচারের দোকানের কর্মচারীর লাশ উদ্ধার
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের কবির আহমদ চৌধুরী বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে আবুল হোসেন (১৪) নামের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে পুলিশ আবুল হোসেনের লাশ উদ্ধার করে। সে পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মইয়াদিয়া গ্রামের বাচা মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যবসায়ী হারুনর রশিদের মালিকানাধীন বিছমিল্লাহ ফার্নিচার নামক একটি দোকানে আবুল হোসেন রঙের কাজ করত। গতকাল সকালে ওই দোকানে কাজ করার সময় সে মারা যায়।
তবে নিহত আবুল হোসেনের ভাই আবুল হাশেম দাবি করেন, দোকানের মালিক কাজে অবহেলার অভিযোগে তাকে মারধর করার একপর্যায়ে সে ঘটনাস্থলে মারা যায়। অভিযোগ অস্বীকার করে হারুনর রশিদ বলেন, কাজ করার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে আবুল হোসেনের মৃত্যু হয়েছে। তাকে কোনো প্রকার মারধর করা হয়নি।
পেকুয়া থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক মো. আনোয়ার উল্লাহ বলেন, খবর পেয়ে ফার্নিচারের দোকান থেকে লাশ উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।