ফার্নেস অয়েলে দূষিত হচ্ছে মধুমতীর পানি
গোপালগঞ্জে ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে (বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র) জ্বালানি হিসেবে ব্যবহূত ফার্নেস অয়েলে দূষিত হচ্ছে মধুমতী নদীর পানি। বিদ্যুৎকেন্দ্রের নালা দিয়ে তা হরিদাসপুর এলাকায় নদীতে গিয়ে পড়ছে। দূষণের কারণে নদীতে আর আগের মতো মাছ ধরা পড়ছে না; পৌরসভার খাবার পানি সরবরাহও হুমকির মুখে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক অসিত কুমার সাহা জানান, মধুমতী নদীর পানির ওপর তীরের হরিদাসপুর, মালেঙ্গা, উড়ফি, মধুপুর, মানিকদাহ, চাপাইল, বৌলতলী, সাতপাড়, উলপুরসহ বেশ কিছু গ্রামের কয়েক হাজার হেক্টর জমির চাষাবাদ নির্ভর করে। দুই বছর ধরে এই এলাকায় বিদ্যুৎকেন্দ্রের পোড়া ফার্নেস অয়েলমিশ্রিত পানি নদীতে পড়ে তা সেচনালা দিয়ে জমিতে সরাসরি ঢুকে পড়ায় আমন ও বোরো ধানের উৎপাদন ১০ ভাগ কমে গেছে।
গোপালগঞ্জ শহরতলির হরিদাসপুরে মধুমতী নদীর তীরে ৭৭৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের ৩১ ডিসেম্বর চালু হয়।
সরেজমিনে হরিদাসপুর এলাকায় দেখা গেছে, প্লান্টের নালা এসে মিলেছে নদীতে। ওই নালা দিয়ে অনবরত পোড়া ফার্নেস অয়েলমিশ্রিত পানি নদীতে পড়ছে। নদীতে সেই তেল ভাসছে। দুই তীরের ঘাস কালো হয়ে গেছে। ভাসমান কচুরিপানাতেও তেল লেগে কালো হয়ে গেছে। হরিদাসপুর গ্রামের বিধান টিকাদার ও অনিতা টিকাদার জানান, নদীতে গোসল করলে গায়ে তেল লেগে থাকে। জেলে মধাব রঙ্গ ও রঞ্জন মণ্ডল জানান, নদীর দুই দিকে প্রায় ১২ কিলোমিটারজুড়ে এই তেল ছড়িয়ে পড়েছে। এ কারণে নদীতে এখন আর আগের মতো মাছ ধরা পড়ে না। ওই এলাকার সালাউদ্দিন শরিফ ও মহসিন শরিফ জানান, নদীর তেলমিশ্রিত পানি খাল দিয়ে জমিতে ঢুকে পড়ায় ফসলের উৎপাদন কমে গেছে।
বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ঘুরে দেখা গেছে, ১৬টি জেনারেটর থেকে ফার্নেস অয়েল নালায় পড়ছে। গোপালগঞ্জ পৌরসভার পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকারিয়া আলম জানান, মধুমতী নদীর পানি শোধন করে পৌরসভা গ্রাহকদের সরবরাহ করে। নদীর পানিতে ফার্নেস অয়েল মেশায় পানি গড়ে চারবার করে শোধন করতে হচ্ছে। এতে সময় ও খরচ বেড়েছে। গত দুই বছরে এসব কারণে পানির উৎপাদন কমে ৬০ লাখ গ্যালনের স্থলে ৪০ লাখ গ্যালনে গিয়ে ঠেকেছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত কুমার মল্লিক জানান, সংশ্লিষ্ট এলাকা থেকে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় চর্মরোগ ও উদরাময়ে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এরা মূলত মধুমতী নদীর পানির ওপর নির্ভরশীল।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিমাংশু কুমার বিশ্বাস বলেন, ট্যাংক ভরে তেল নালায় চলে আসছিল। এই তেল নদীতে ছড়িয়ে পড়ছিল। তিনি এ জন্য ব্যাপক বৃষ্টিপাতকে দায়ী করে বলেন, ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। গত শুক্রবার পিডিবির একটি দল কেন্দ্র পরিদর্শন করে ত্রুটি পেয়েছে। ত্রুটি সারাতে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।