ফার্নেস তেল ছড়িয়ে পড়ছে কর্ণফুলীতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালমারীতে রেলসেতু ভেঙে খালে পড়ে যাওয়া তিনটি ওয়াগন থেকে বেশির ভাগ ফার্নেস তেলই আশপাশের জলাশয় ও কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি ওয়াগনগুলো। তবে রশি ও খড় দিয়ে তেল ওঠানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। প্রতিটি ওয়াগনে ছিল প্রায় ২৫ হাজার লিটার ফার্নেস তেল।

গতকাল শুক্রবার দুপুরে বোয়ালখালী ও পটিয়া উপজেলার সীমান্তে ধলঘাট শাইরাপুল এলাকার হারগেজি খালের সেতু ভেঙে জ্বালানি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন পানির নিচে চলে যায়, আরেকটি কাত হয়ে ডুবে যায় আর ইঞ্জিনটি সেতুর পাশে কাত যায়। দোহাজারি পিকিং পাওয়ার প্ল্যান্টে এই তেল নিয়ে যাওয়া হচ্ছিল।

এই পাওয়ার প্ল্যান্টে তেল নেওয়ার সময় এর আগেও ২০১৩ সালের ৩১ জুলাই দুর্ঘটনা ঘটে। সেবার প্রায় ৬০ হাজার লিটার তেল কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছিল। এরপর ২০১৪ সালের ৯ জুলাই ফৌজদারহাটে অনুরূপ তেলের ট্যাংকার উল্টে গিয়ে প্রায় ৫০ হাজার লিটার তেলের দূষণ ঘটেছিল।

বারবার দুর্ঘটনা ঘটলেও তা নিয়ে রেলওয়ে কিংবা পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। পরিবেশ অধিদপ্তর তেল পরিবহনে রেলওয়ে কর্তৃপক্ষ ও পাওয়ার প্ল্যান্টকে কিছু নির্দেশনা দিলেও তা পুরোপুরি মানা হয়নি। ফলে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ।

আজ চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মকবুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পানির নমুনা সংগ্রহ করেন।

পরিচালক মো. মকবুল হোসেন বলেন, প্রায় ৭০ হাজার লিটারের বেশি তেল খালের মাধ্যমে এলাকার অন্যান্য খাল, বিল, পুকুর ও কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছে। আশপাশের ২০ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়েছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও দূষণ কমাতে রেলওয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

বেলা ১১টায় চলছিল ভাটা। এ সময় সরেজমিনে দেখা যায়, দুটি ট্যাংকার থেকে অনবরত তেল বের হচ্ছিল। অপর যে ট্যাংকারটি অর্ধেক ডুবে আছে সেটি থেকেও তেল বের হচ্ছিল। বোয়ালখালী খালের দুই পাড়ে ঘাস ও সবজি খেতে কালো কালো তেল লেগে রয়েছে। আধমরা হয়ে ভাসছে মাছ।

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, গতকাল (শুক্রবার) দুর্ঘটনার পর জোয়ারের সঙ্গে তেল করলডাঙ্গা পর্যন্ত ছড়িয়ে গেছে। আবার ভাটার সঙ্গে তা গিয়ে মিশছে কর্ণফুলী নদীতে। জোয়ারের সঙ্গে পুকুরেও ছড়িয়ে পড়েছে তেল।

কর্ণফুলী নদীর মাঝি আবু জাকের জানান, শুক্রবার রাত থেকেই নদীতে তেল ভাসতে দেখা যায়। ভাটার টানে তেল নদীতে চলে আসে। এরপর জোয়ার এলে তেলগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীতে দুপুর সাড়ে ১২টার দিকে প্রচুর তেল ভাসতে দেখা যায়।

এরই মধ্যে আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ মঈনুদ্দিন খান বাদল। তিনি খাল থেকে তেল অপসারণের নির্দেশ দেন। এরপর সনাতন পদ্ধতিতে তেল অপসারণের চেষ্টা করা হয়।

বিভাগীয় রেল ব্যবস্থাপক মফিজুর রহমান জানান, প্রতিটি ট্যাংকারে ২৫ হাজার লিটারের মতো তেল ছিল। তেল যা বের হওয়ার বের হয়ে গেছে। কিছু তেল হয়তো ট্যাংকারে রয়েছে। এখন আমরা রশি ও খড় দিয়ে তেল অপসারণ করার চেষ্টা করছি।

পরিবেশবিদদের মতে এই তেলের কারণে নদীতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। এ ছাড়া দুর্গন্ধ হয়ে পড়বে পানি ও এলাকার পরিবেশ। এতে মাছ মরে যাবে বলে তাঁরা জানান। এ ছাড়া জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে জানান চট্টগ্রাম হাজী মুহাম্মদ মুহসীন কলেজের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী জানান। রসায়ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সস অ্যান্ড ফিসারিজ বিভাগের পরিচালক অধ্যাপক মো. শাহাদত হোসেন বলেন, তেল নদীর স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতি করবে। তেলের আস্তরণের কারণে প্রথমে জীববৈচিত্র্যের সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হবে। অক্সিজেন কমে গিয়ে ছোট মাছ মরে যাবে। এরপর বালুকনার সঙ্গে তেল মিশে নদীর নিচের অংশ দূষিত করবে। এতে নিচে বসবাসকারী জীব বৈচিত্র্য হুমকিতে পরবে। এ ছাড়া যে এলাকায় তেল ছড়িয়ে পড়বে সেখানে মাছের আবাস নষ্ট হবে। মাছশূন্য হয়ে পড়বে। এতে জেলেরা ক্ষতিগ্রস্ত হবে।
উদ্ধারকাজ: দুর্ঘটনার একদিন পরও তিনটি ট্যাংকার খালের পানিতে পড়ে আছে। এ ছাড়া ইঞ্জিনটিও সেতুর পাশে কাত হয়ে পড়ে রয়েছে। পেছন থেকে চারটি তেলবাহী ট্যাংকার চট্টগ্রামে ফিরিয়ে আনা হয় শুক্রবার। ওই দিন একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ চালায়। আজ শনিবার আরও একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়।

বিভাগীয় রেল ব্যবস্থাপক মফিজুর রহমান বলেন, উদ্ধারকাজ শেষ করতে অনেক সময় লাগবে। দুই দিনের মধ্যে আমরা ইঞ্জিনটি সরানোর চেষ্টা করছি। এ ছাড়া পুরোপুরি রেল লাইন সচল করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে।