ফার্মগেট ও চারপাশজুড়ে চুলায় আগুন ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইবার অপটিক লাইন বসাতে গিয়ে গ্যাস পাইপ ফাটিয়ে ফেলায় এবং পরে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে রাজধানীর কেন্দ্রস্থল ফার্মগেট ও আশপাশের অনেক এলাকায় প্রায় ২১ ঘণ্টা গ্যাস ছিল না। গত শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ জন্য এসব এলাকায় গ্যাসের চুলা জ্বলেনি। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়ে কয়েক হাজার পরিবার।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানায়, ফার্মগেটের উত্তর প্রান্তে আল-রাজী হাসপাতালের পাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ফাইবার অপটিক বসানোর সময় শ্রমিকদের অসতর্কতার কারণে গ্যাস পাইপ ফেটে যায়। এতে চারদিকে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে ব্যাপক দুর্ঘটনা ঘটার আশঙ্কায় তিতাস গ্যাস কোম্পানি পুরো এলাকায় পর্যায়ক্রমে ১৫টি বাল্ব বন্ধ করে দেয়। ফুটো হয়ে যাওয়া পাইপলাইন ওয়েল্ডিং করার জন্য এসব বাল্ব বন্ধ করতে হয়। যার জন্য বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হয়। পরে পাইপলাইনের গ্যাস বের করে দিয়ে আবার নতুন গ্যাস ঢোকানোর পর সরবরাহব্যবস্থা চালু হয়।
তিতাসের পরিচালক (উৎপাদন) মীর মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাইপ ফেটে যাওয়ায় খোলা স্থানে গ্যাস ছড়িয়ে পড়ছিল। তার পরও বাসাবাড়িতে ব্যাপক সমস্যা হয়েছে, এটা বলা যাবে না। আংশিক সমস্যা হয়েছে, বলা যেতে পারে। শনিবার (গতকাল) বেলা একটার মধ্যে উদ্ভূত সমস্যার সমাধান সম্ভব হয়েছে।’
বিসিসির নির্বাহী কর্মকর্তা আশফাক হোসেন বলেন, ঠিক কী কারণে সমস্যার সৃষ্টি হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
দুর্ভোগ: অনাহূত এই দুর্ঘটনার কারণে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজকুনিপাড়া, কলমিলতা বাজার, নাখালপাড়া, এলেনবাড়ি, ইন্দিরা রোড, মণিপুরিপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বেলা প্রায় দুইটা পর্যন্ত কমবেশি গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
গতকাল দুপুরে এলাকায় গেলে তেজকুনিপাড়ার গৃহিণী সাবিহা ফেরদৌস জানান, গ্যাসের চুলায় আঁচ কমার কারণ শুক্রবার রাতে প্রথমে বুঝতে পারেননি। গতকাল সকালে বাচ্চাদের চিড়ামুড়ি খাইয়েছেন।
কলমিলতার বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শীতকালে তাঁর বাবা গরম পানিতে গোসল করেন। গতকাল তিনি গোসল করতে পারেননি।
ইন্দিরা রোডের চাকরিজীবী বাসিন্দা মাহবুবা বেগম জানান, ঠিক কবে গ্যাসের সমস্যার সমাধান হবে, বুঝতে না পেরে বাধ্য হয়ে তিনি কেরোসিনের চুলা কিনে আনেন। ফার্মগেট এলাকার প্রায় সব রেস্তোরাঁ বিকল্প ব্যবস্থায় চুলা জ্বালিয়েছে। গ্যাস না থাকায় ১২টার আগে বেশির ভাগ রেস্তোরাঁ খোলা হয়নি।
মণিপুরিপাড়ার বাসিন্দা রবিউল হোসেন তাঁর পরিবারকে পরীবাগে বোনের বাসায় পাঠিয়ে দিয়েছিলেন বলে জানান। গতকাল সকালে তিনি তিতাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষে ফোন করে সদুত্তর পাননি বলে অভিযোগ করেন।