ফার্মগেট পার্কটি ময়লার ভাগাড়
তিনটি ইট দিয়ে বানানো চুলায় ভাত রান্না হচ্ছে। পাশে একজন কাঠে পেরেক ঠুকছেন। গাছে দড়ি বেঁধে তার ওপর কাপড় শুকাতে দেওয়া। অন্যদিকে চলছে শামিয়ানা টানানোর প্রস্তুতি। গ্রিল ও বসার বেঞ্চগুলো ভাঙা, ময়লা-আবর্জনার ছড়াছড়ি, ভবঘুরে ও মাদকসেবীদের আবাসস্থল। জায়গাটি ফার্মগেট পার্ক।
‘আনোয়ারা উদ্যান’ নামে পরিচিত এই পার্কে গতকাল মঙ্গলবার দেখা যায়, কোনায় কোনায় ছিন্নমূল পরিবারের বসবাস। রান্না, খাওয়া, ধোয়া থেকে শুরু করে পুরোদস্তুর সংসার। আমেনা বেগম তিন বছর ধরে থাকেন। এখানে থাকার ব্যাপারে বলেন, ‘কত মাইনষে থাহে। কেউ কিছু কয় না। মাঝে-মইদ্যে হিরোইঞ্চিরা জ্বালায়।’
কিছুদিন আগেই এখানে শেষ হলো কুতুববাগের ওরস। ভাঙা জিনিসপত্র এখনো ছড়িয়ে–ছিটিয়ে আছে। এরই মধ্যে সেখানে আবার বাঁশ দিয়ে শামিয়ানা টানানোর প্রস্তুতি চলছে। কী ধরনের অনুষ্ঠান হবে তা কর্মরত শ্রমিকেরা বলতে পারেননি। গানবাজনার মতো কোনো অনুষ্ঠান হবে বলে তাঁরা শুনেছেন।
পার্কে প্রবেশের জন্য নির্দিষ্ট গেটের ব্যবস্থা নেই। চারদিকে গ্রিলগুলোর মাঝে মাঝেই ভাঙা, কোথাও খোলা, কোনোটির শিক নেই। বসার বেঞ্চগুলোও ভাঙা। কয়েকটি ধসে গেছে। পার্কের গাছগুলোর বেশ কিছু মরে গেছে। বাকিগুলোর মরমর দশা। সৌন্দর্যবর্ধনের জন্য কিছু চত্বর করা হয়েছিল। সেগুলোর একেকটি এখন ময়লার ভাগাড়।
পুরো পার্কটি যেন ময়লার স্তূপ। ছড়ানো-ছিটানো অবস্থায় সবখানেই ময়লা। কোথাও কোথাও গন্ধও ছড়াচ্ছে। পার্কের ভেতরেই কাগজ-পাতা পোড়ানোর ছাই স্তূপ করে রাখা। ফুটপাতে আখের রস বিক্রেতা খালেক আখের ছোবড়াগুলো ছড়িয়ে রাখেন পার্কের ভেতরে। তিনি অন্যদের দেখিয়ে বলেন, এখানে অসংখ্য হকার। সবাই নোংরা করে, মলমূত্র ত্যাগ করে। তাই তিনিও আবর্জনা পাকেই ফেলেন।
গতকাল দুপরে ভাঙা একটি বেঞ্চে বসে এক লোক নিজেই ইনজেকশন নিচ্ছিলেন। চারদিকে অরও কয়েকজন শুয়ে আছেন। নাম প্রকাশ না করার শর্তে তেজগাঁও কলেজের সামনের এক দোকানি বলেন, এটা মাদকসেবীদের আড্ডাখানা। রাতের অবস্থা ভয়াবহ। তখন পুরো পার্কই মাদকসেবীদের দখলে থাকে। পার্কটিতে আগে প্রচুর ঘাস ছিল। সেখানে বসা যেত। সুন্দর পরিবেশ ছিল। মানুষ হাঁটতে পারত। মাদকসেবীদের ভয়ে এখন তেমন কেউ হাঁটে না। কর্তৃপক্ষও দেখে না।
ছোট ছোট দল হয়ে ছেলেরা এখানে ক্রিকেট খেলে। অষ্টম শ্রেণিপড়ুয়া আবিদ রহমানও প্রায়ই এখানে খেলতে আসে। সে বলে, কিছুদিন পরপর এখানে অনুষ্ঠান করে পার্কের অবস্থা খারাপ করেছে। এরই ফাঁকে ফাঁকে তারা এসে খেলাধুলা করে।
গণপূর্ত অধিদপ্তরের অধীন এই পার্কটি ফার্মগেটের সঙ্গে বলে ফার্মগেট পার্ক নামেই পরিচিত। এর দেখাশোনার দায়িত্বে থাকা গণপূর্তের শেরেবাংলা নগর বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক প্রথম আলোকে বলেন, মেট্রোরেল প্রকল্পের সাইট অফিসের জন্য পার্কটি অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। যত দিন কাজ শেষ না হবে, পার্কে তত দিন সংরক্ষণের কোনো কাজ হবে না। কাজ শেষ হলে তখন এর ব্যবস্থা নেবেন।