ফার্মগেট পার্কের এ কী হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটা পার্কের প্রবেশপথ নয়, বেড়ার অংশ উধাও হয়ে প্রবেশের পথ তৈরি হয়েছে। আবার আবর্জনা ফেলার জায়গা হিসেবেও ব্যবহৃত হয় পার্কের তেজগাঁও কলেজসংলগ্ন এ স্থানটি। ছবি: কাজী আনিছ
এটা পার্কের প্রবেশপথ নয়, বেড়ার অংশ উধাও হয়ে প্রবেশের পথ তৈরি হয়েছে। আবার আবর্জনা ফেলার জায়গা হিসেবেও ব্যবহৃত হয় পার্কের তেজগাঁও কলেজসংলগ্ন এ স্থানটি। ছবি: কাজী আনিছ

ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ডিমের খোসা। এখানে সেখানে আবর্জনার স্তূপ। মানববর্জ্যও কম নেই। একটু দাঁড়ালেই দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। এই হচ্ছে রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র ফার্মগেট-সংলগ্ন পার্কটির বর্তমান হাল। সেখানে গেলে মনেই হবে না মনোরম কোনো নগর উদ্যান। বরং তা যেন ভবঘুরে আর বাউণ্ডুলেদের আড্ডা মারার স্থান।

পার্কের ভেতরে ভাঙা গাড়ি। সঙ্গে নোংরা আবর্জনা। ছবি: কাজী আনিছ
পার্কের ভেতরে ভাঙা গাড়ি। সঙ্গে নোংরা আবর্জনা। ছবি: কাজী আনিছ

‘আনোয়ারা উদ্যান’ নামের এই পার্কটি ফার্মগেট পার্ক নামেই বেশি পরিচিত। পার্কটিতে ঢোকার জন্য প্রধানত ফটক আছে তিনটি। কিন্তু এ ফটকগুলো ব্যবহার না করে অন্য জায়গা দিয়েও পার্কটিতে লোকজন সহজে ঢুকতে পারছেন। দীর্ঘদিন ধরে এসব জায়গায় যে লোহার বেড়া ছিল, রক্ষণাবেক্ষণের অভাবে তা উধাও হয়ে গেছে। শুধু প্রবেশপথ নয়, ওই জায়গাগুলো এখন ব্যবহৃত হচ্ছে আবর্জনা ফেলা ও প্রাকৃতিক কাজ সারার ‘নিরাপদ স্থান’ হিসেবে।

আবর্জনায় সয়লাব পার্কের এ স্থান। ছবি: কাজী আনিছ
আবর্জনায় সয়লাব পার্কের এ স্থান। ছবি: কাজী আনিছ

আজ সকালে পার্কটির ঝাড়ুদারকে এসব নোংরা আবর্জনা দেখিয়ে এই প্রতিবেদক বলেন, ‘এসব কী?’
ঝাড়ুদার বলেন, ‘এগুলো সরানো আমার কাজ না। আমার কাজ শুধু ঝাড়ু দেওয়া।’

প্রবেশ পথ নয়, কিন্তু বেড়া নেই বলে এটাই প্রবেশ পথ। আবর্জনা ফেলার জায়গা হিসেবেও ব্যবহৃত হয় পার্কের তেজগাঁও কলেজসংলগ্ন এ স্থান। ছবি: কাজী আনিছ
প্রবেশ পথ নয়, কিন্তু বেড়া নেই বলে এটাই প্রবেশ পথ। আবর্জনা ফেলার জায়গা হিসেবেও ব্যবহৃত হয় পার্কের তেজগাঁও কলেজসংলগ্ন এ স্থান। ছবি: কাজী আনিছ

আজ বিকেলে পার্কে গিয়ে দেখা গেছে, লোকজন রুমালে নাক চেপে পার্ক ঢুকছেন। কয়েকজনকে এ সময় প্রস্রাব করতে দেখা গেছে। পার্ক ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। দোকানগুলোর সরঞ্জাম রাখার জায়গাও এ পার্ক। নিম্ন আয়ের কয়েক পরিবার পার্ক ঘিরে গড়ে তুলেছে বসতি। বসতির লোকজন কাপড় শুকাতে দিয়েছেন পার্কটির দেয়ালে। পার্কের বেশ কয়েকটি বেঞ্চ ভাঙা। কয়েকটি গাছের ডাল মরে শুকিয়ে ঝুলে আছে। কয়েকটি ডাল পড়ে আছে নিচে।

পড়ে আছে ভাঙা বেঞ্চ। ছবি: কাজী আনিছ
পড়ে আছে ভাঙা বেঞ্চ। ছবি: কাজী আনিছ

পার্কটির সামনে থাকা তেজগাঁও কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলো। তাঁরা বললেন, এমনিতেই ফার্মগেট ঘিঞ্জি এলাকা। তাই পার্কটিতে এসে যে একটু প্রাণ খুলে নিশ্বাস নেবেন, সে অবস্থা নেই। এরপরও বাধ্য হয়ে তাঁরা আসেন।
ফার্মগেটে আসা কয়েকজন অভিযোগ করেন, রাতের বেলা পার্কটি অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়। চলে অসামাজিক কাজ।

পার্কের ভেতরে-বাইরে বসতি। ছবি: কাজী আনিছ
পার্কের ভেতরে-বাইরে বসতি। ছবি: কাজী আনিছ

পার্কটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর পরিচালনা করে। গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, পার্কটি আগে অনেক সুন্দর ছিল। এখন বিভিন্ন কারণে কিছুটা নষ্ট হয়ে গেছে। এসব সমস্যা দূর করতে আমাদের কোনো পদক্ষেপ আছে কি না, এ মুহূর্তে তা বলতে পারছি না।

পার্কের ভেতর আবর্জনার স্তূপ। ছবি কাজী আনিছ
পার্কের ভেতর আবর্জনার স্তূপ। ছবি কাজী আনিছ