ফার্মগেটে দেবে গেছে সড়ক

ফার্মগেটের জাহানারা গার্ডেন আবাসিক এলাকায় যাতায়াতের সড়কের একাংশ গতকাল সোমবার সকালে দেবে গেছে। এ সময় ওই আবাসিক এলাকার পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জাহানারা গার্ডেন আবাসিক এলাকার প্রবেশমুখ থেকে শুরু করে ভেতরের দিকে সড়কের প্রায় ১০ মিটার অংশ দেবে গেছে।সড়কের দেবে যাওয়া অংশের পাশে একটি ভবনের নির্মাণকাজ চলছে। এ ছাড়া সড়কের আরও ২০ মিটার অংশজুড়ে বড় ফাটল দেখা দিয়েছে। সড়ক দেবে যাওয়ার কারণে ওই আবাসিক এলাকার পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাহানারা গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ আলম বলেন, ছয় মাস আগে আকাঙ্ক্ষা ডেভেলপার লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠান ভবন নির্মাণকাজ শুরু করার পর সমস্যার সূত্রপাত হয়। তারা রাতে সড়কে ভারী যান দাঁড় করিয়ে মালামাল খালাস করত। এ কারণে সড়কে ফাটলের সৃষ্টি হয়। পরে ফাটল দিয়ে বৃষ্টির পানি ঢুকে আস্তে আস্তে বালু ও মাটি সরে গিয়ে সড়কের নিচে ফাঁকা হয়ে যায়। একপর্যায়ে সড়ক ধসে পড়ে।
তবে আকাঙ্ক্ষা ডেভেলপার লিমিটেডের কর্মকর্তা মো. ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো ভুল নেই। এখানে সুয়ারেজ লাইন ফেটে পানি লিক করে নিচ থেকে মাটি সরে গেছে। এ ছাড়া গ্যাসলাইন সংস্কারের জন্য সড়ক কাটার পর সেটা আবার ঢালাই করা হয়নি। এসব কারণে পানি ঢুকে মাটি সরে একপর্যায়ে সড়ক দেবে গেছে।’
|জাহানারা গার্ডেনের বাসিন্দা সাইদুর রহমান বলেন, সড়ক ধসের সঙ্গে আবাসিক এলাকার পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এ ব্যাপারে গতকাল বিকেলে ঢাকা ওয়াসার পরামর্শক এ কে এম শহীদউদ্দিন বলেন, দ্রুত লাইন মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।