ফার্মগেটে পদচারী-সেতু বন্ধ
রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের কাছে প্রায় এক যুগ আগে স্থাপিত পদচারী-সেতুটি (ফুটওভারব্রিজ) বন্ধ করে দেওয়া হয়েছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিবেদনে ‘ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল মঙ্গলবার বিকেলে এই সেতু সিলগালা করে দিয়েছে। শিগগির এটি ভেঙে অন্য আঙ্গিকে প্রতিস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে গত রোববারই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজধানীর সবগুলো পদচারী-সেতুতে পথচারীদের চলাচল বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার না হতে।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা ও তেজগাঁও কলেজের কাছে উল্লিখিত পদচারী-সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সিলগালা করে বন্ধ করে দেওয়ায় কোনো পথচারী সেতুটি ব্যবহার করছেন না। যদিও সেতুর দুই প্রান্তে প্রবেশপথে পথচারীদের ওঠা-নামায় বাধা দিতে কোনো নিরাপত্তারক্ষীকে দেখা যায়নি। সেতুর নিচে সড়ক বিভাজকের কাছ থেকে ওপরের দিকে তাকিয়ে দেখা যায়, কেন্দ্রসীমা থেকে দুই পাশে বেশ আঁকাবাঁকা হয়ে আছে সেতুর বিম।
আবদুল গফুর নামের এক পথচারী এই প্রতিবেদককে বলেন, প্রতিদিনের মতো গতকাল সকালেও তিনি এই সেতু ব্যবহার করেছেন। চলাচলের সময় সেতুতে একধরনের কাঁপুনি অনুভব করতেন।
ডিএনসিসির সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে গতকাল এই সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখানে নিজস্ব নিরাপত্তারক্ষী দেওয়ার মতো লোকবল ডিএনসিসির নেই। তবে ওঠা-নামার দুটি পথই লোহার ঝালাই দিয়ে (কেঁচি আকৃতির) বন্ধ করে দেওয়া হবে।
সেতুটি ঝুঁকিপূর্ণ হলে নিচে চলাচলকারী যানবাহনের কী হবে প্রশ্নের উত্তরে আরিফুল ইসলাম বলেন, মানুষের ওঠা-নামা না হলে এটি ভেঙে পড়বে না।
ডিএনসিসির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় প্রায় ছয় মাস আগে বুয়েটকে আনন্দ সিনেমা হলসংলগ্ন পদচারী-সেতুটি পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। বুয়েটের তিন সদস্যের একটি দল দুই সপ্তাহ আগে এ বিষয়ক প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ এফ এম সাইফুল আমিন প্রথম আলোকে বলেন, কারিগরি দিক থেকে নির্মাণের শুরু থেকেই (প্রায় এক যুগ আগে) এই সেতু ত্রুটিপূর্ণ ছিল। বেশ কিছুদিন ধরে এই সেতু ব্যবহারের সময় ভালো কম্পন অনুভূত হতো বলেও কমিটি জানতে পারে। পরে পরীক্ষা করে দেখা যায়, এর ‘সাপোর্ট সিস্টেম’টাই বেশ দুর্বল।
এ এফ এম সাইফুল আমিন আরও বলেন, সিটি করপোরেশনকে বলা হয়েছে, সেতুটি সরিয়ে ফেলতে হতে পারে। আরও পরীক্ষা করে এটি সম্পূর্ণ ভিন্ন কাঠামোয় প্রতিস্থাপনের সুপারিশও তাঁরা করতে পারেন।