ফার্মগেটে পুলিশের সঙ্গে ট্যাক্সিক্যাব চালকদের হাতাহাতি, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটে গতকাল বৃহস্পতিবার ট্যাক্সিক্যাব চালকদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় আটজন ট্যাক্সিক্যাব চালককে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলের সামনে কর্তব্যরত সার্জেন্ট একটি ট্যাক্সিক্যাবকে থামতে ইশারা করেন। চালক গাড়িটি না থামিয়ে চলে যান। এ সময় সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ফার্মগেট মহিলা কলেজের সামনে ট্যাক্সিক্যাবটিকে ধরে ফেলেন। তিনি চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন। এ ঘটনা দেখে চলতি পথে থেমে যায় আরও ১০-১২টি ট্যাক্সিক্যাব। চালকেরা সার্জেন্টকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা চালককে ছিনিয়ে নেন। পরে তাঁরা একজোট হয়ে সার্জেন্ট ও ঘটনাস্থলে থাকা এক ট্রাফিক কনস্টেবলকে মারধর করে তাঁদের পোশাক ছিঁড়ে ফেলেন। তেজগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালকদের ওপর লাঠিচার্জ শুরু করলে কিছু চালক পালিয়ে যান। আট চালককে গ্রেপ্তার করে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। আটটি ট্যাক্সিক্যাবও রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার হওয়া চালকেরা হলেন—আবুল কালাম আজাদ, শাহীন, আবুল কালাম, রিপন খান, জুলহাস হাওলাদার, ওবায়দুর, রাশেদুল ও বিল্লাল চালকদের অভিযোগ, পুলিশ কয়েক দিন পরপরই তাঁদের গাড়ি রিকুইজিশন করে। অন্তত ১৫ দিন ব্যবহারের পর গাড়ি ছাড়ে। রিকুইজিশনের ভয়ে ওই চালক হয়তো সার্জেন্টের ইশারা না মেনে গাড়ি চালিয়ে চলে গেছেন। চালকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে গতকাল সন্ধ্যায় তেজগাঁও থানা থেকে জানানো হয়।