ফার্মগেটে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ফার্মগেটে ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় নির্মল চন্দ্র দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তেজগাঁও থানার পুলিশের কনস্টেবল আব্দুল বাতেন তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আবদুল বাতেন বলেন, শাহবাগ থেকে কচুক্ষেতগামী ট্রাস্ট পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন নির্মল চন্দ্র। আল রাজী হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানান আবদুল বাতেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আহত হওয়ার পর ওই বৃদ্ধ অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিলেন। এ সময় কেউ তাঁকে উদ্ধার করতে আসেনি। কয়েকজন এসময় ঘটনাটি পুলিশকে জানান। এরপরই পুলিশ এসে লোকটিকে উদ্ধার করে। প্রথমে তাঁকে ফার্মগেটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।