ফার্মগেটে হোটেল থেকে লাশ উদ্ধার
ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে মীর হোসেন (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে হোটেলের একটি কক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, গত রোববার রাতে মীর হোসেন রয়্যাল গ্র্যান্ড নামের হোটেলটিতে ওঠেন। সোমবার সন্ধ্যার পর হোটেলের ভাড়ার জন্য ওই কক্ষে গিয়ে হোটেলের লোকজন কক্ষটি ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রাত সাড়ে আটটার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে একটি চেয়ারের ওপর বসা অবস্থায় মীর হোসেনের লাশ পায়।
স্ত্রী-সন্তানসহ মীর হোসেন জিগাতলার শেরেবাংলা রোডে থাকতেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মীর হোসেন গাড়ি ভাড়া দেওয়াসহ বিভিন্ন ব্যবসা করতেন। মাঝেমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হলে তিনি হোটেলে এসে থাকতেন।
পুলিশ জানায়, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।