ফার্মাসিউটিক্যালসের অনুমতিপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের ওষুধ উৎপাদনের অভিযোগে নরসিংদীর মেসার্স মিষ্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদন অনুমতিপত্র (লাইসেন্স) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। গত ২৯ এিপ্রল ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক আদেশে প্রতিষ্ঠানটির অনুমতিপত্র বাতিল করা হয়৷
প্রতিষ্ঠানটির অনুমতি বাতিল করার ১২টি কারণ উল্লেখ করে ওষুধ প্রশাসন বলেছে, কারখানায় ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেসের (জিএমপি) গাইডলাইন অনুসরণ করা হয় না, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ১৫ (১) ধারার লঙ্ঘন। এ অবস্থায় ওই অধ্যাদেশের ১৫ (২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদন লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হলো। সাময়িক বাতিলকৃত লাইসেন্সের আওতায় কোনো ধরনের ওষুধ উৎপাদন, মজুত, বিক্রয় ও বিতরণ করা যাবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ভাগদী এলাকায় অবস্থিত মিষ্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত ওষুধগুলোর মান নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে ওষুধ প্রশাসন অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়৷
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওষুধ প্রশাসন প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানো নোটিশ দেয় ১৮ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোটিশের জবাব দেওয়া হয়। জবাব গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর গত ২৮ এপ্রিল অনুমতিপত্র সাময়িকভাবে বাতিল করে।
মেসার্স মিষ্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মতিউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যে ৭৩টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমতিপত্র বাতিল করার সুপারিশ করেছিল, তার মধ্যে মিষ্টিক ফার্মাসিউটিক্যালস অন্যতম।