ফার্মাসিস্টের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট রেজাউল হকের ভুল চিকিৎসায় এবার সাইফ উল্লাহ (৪৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।তবে, গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে রেজাউল হক ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগটি ভিত্তিহীন দাবি করে বলেন, ‘রোগীকে একটি ইনজেকশন দেওয়ার পর তিনি স্ট্রোক করে মারা গেছেন।’অন্যদিকে, নিহত সাইফ উল্লাহর স্ত্রী রহিমা খাতুন রোববার রাত ১২টায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার এজাহারে তিনি ভুল চিকিৎসার অভিযোগ করে মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করার আবেদন করেন। এরপর গতকাল সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ঘটনার বিষয়ে রহিমা খাতুনের চাচাতো ভাই মনির হোসেন বলেন, তাঁর ভগ্নিপতি উপজেলার চরজুবলী গ্রামের খুরশিদ আলমের ছেলে সাইফ উল্লাহ রোববার সন্ধ্যায় ডান পায়ের গোড়ালিতে একটি ফোড়া অপারেশন করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।এ সময় ফার্মাসিস্ট রেজাউল হক কর্তব্যরত চিকিৎসককে খবর না দিয়ে নিজেই অপারেশন করেন। কিছুক্ষণ পর রেজাউলের পরামর্শে সাইফ উল্লাহকে কর্তব্যরত সেবিকা একটি ইনজেকশন দেন। ইনজেকশনটি দেওয়া অবস্থায়ই তিনি বমি করতে থাকেন এবং শরীর জ্বালাপোড়া করছে বলে চিৎকার দিতে থাকেন।মনির হোসেন জানান, ওই অবস্থায় মুহূর্তের মধ্যেই সাইফ উল্লাহর শরীর নিস্তেজ হয়ে যায়। এ সময় ফার্মাসিস্ট রেজাউল তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে অ্যাম্বুলেন্সে তুলে কিছু দূর যাওয়ার পর বলেন, রোগীকে হাসপাতালে নেওয়ার দরকার নেই, বাড়িতে নিয়ে যান।রোববার রাতে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মাহমুদুন নবী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি কর্মস্থলে থাকলেও ফার্মাসিস্ট রেজাউল আমাকে না ডেকে নিজেই চিকিৎসা দিয়েছেন। তিনি সব সময়ই এ রকম করেন। কারও কথা শোনেন না।’রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লা প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্তে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। এ ছাড়া রেজাউলকে সেখান থেকে প্রত্যাহার করা হবে।সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।