জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের উন্নয়নের জন্য অনুদান ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পর্বের পরীক্ষার্থীরা। ফি প্রত্যাহারের দাবিতে বিভাগের সভাপতি বরাবর গতকাল শনিবার স্মারকলিপি দিয়েছেন তাঁরা।বিভাগের শিক্ষার্থীরা জানান, গতকাল ফার্মেসি বিভাগের ১৮তম ব্যাচের স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পর্বের পরীক্ষার্থীদের কাছ থেকে ১০ হাজার টাকা করে অনুদান ফি নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান পরীক্ষার্থীরা। পরে একই দাবিতে ব্যাচের ৪০ জন পরীক্ষার্থী বিভাগের সভাপতি মো. রফিকুজ্জামান বরাবর স্মারকলিপি জমা দেন। এ সময় সভাপতি স্মারকলিপি তাঁর টেবিলে রাখতে বলে কক্ষ থেকে বেরিয়ে যান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিভাগে এবং বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অর্থ প্রদানের নিয়ম নেই। বিভাগের শিক্ষক ও সাবেক ছাত্রদের সূত্রে জানা যায়, ফার্মেসি বিভাগের শুরুর দিকে বিভিন্ন গবেষণার জন্য যন্ত্রাংশ কেনা এবং শুক্রবারও ক্লাস হওয়ায় পিয়নদের বেতন বাবদ এই ফি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হতো। কিন্তু পরে তা নিয়মে পরিণত হয়।স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পর্বের পরীক্ষার্থী হোসাইন মোহাম্মদ হাই বলেন, ‘বিভাগের কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকায় আমরা এই ফি প্রত্যাহারের দাবি জানিয়েছি।’ তিনি বলেন, অবিলম্বে ফি প্রত্যাহার করা না হলে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।বিভাগের সভাপতি মো. রফিকুজ্জামান বলেন, ‘স্মারকলিপি আমি পাইনি। শিক্ষার্থীদের দাবির বিষয়ে আগামীকাল (আজ রোববার) শিক্ষকসহ অন্যদের সঙ্গে আলোচনা করা হবে।