
‘স্বামীর মাদক সেবনের কারণে আমার সাজানো সংসার ধ্বংস হয়ে গেছে৷ তাঁকে মাদক সেবন করতে বাধা দিলে পরিবারে সবাইকে মারধর করত। তাঁর সঙ্গে মহল্লার তরুণদের একটি অংশও রয়েছে৷ খিলগাঁওয়ের বিভিন্ন ফার্মেসিতে প্রকাশ্যে মাদক বিক্রি হয়৷ কিন্তু ফার্মেসিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।’
গতকাল রোববার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে শেখ রাসেল ঈদগাহে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় বাসিন্দা নাছিমা আখতার৷ তাঁর বক্তব্য শুনে এই এলাকার সব ফার্মেসিতে অভিযান চালাতে সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন৷ তিনি বলেন, ‘আগামী ১ নভেম্বর থেকে এই ওয়ার্ডকে মাদকমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। এ জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় পুলিশের সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সব সময় চেষ্টা করছে পুলিশ৷ শিগগিরই এই এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত করা হবে৷ এ জন্য মহল্লার প্রত্যেকে একেকজন পুলিশের ভূমিকা পালন করতে হবে।
ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান এই অনুষ্ঠানের আয়োজন করেন৷ খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান, উত্তর গোড়ান, পূর্ব গোড়ান, নবাবি মোড়, দক্ষিণ বনশ্রী, হাওয়াই গলি, সিদ্দিক বাজার, শান্তিপুর, আদর্শবাগ, ৮ ও ১০ নম্বর রোড নিয়ে এই ওয়ার্ড গঠিত। এসব এলাকায় জলাবদ্ধতা, খুঁটির অভাবে বিদ্যুৎ-সংযোগ না থাকা, পানির পাম্প না থাকা, নতুন সড়ক নির্মাণ, পুরান সড়ক সংস্কার, গ্যাসের লাইনে সমস্যাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।
গোড়ান ১০ নম্বর রোডের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা মেয়রকে বলেন, গোড়ান ১০ নম্বর রোডের ড্রেনের অবস্থা খুব খারাপ। সারা বছর ড্রেনের পানি উপচে সড়কে পড়ে। এ ছাড়া সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি জমে। জবাবে মেয়র বলেন, এই এলাকার উন্নয়নে প্রায় ১০ কোটি টাকার কাজ করা হবে। এর মধ্যে কিছু কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে৷ বাকি কাজও অতি দ্রুত শুরু করা হবে। এলাকার ছোট-বড় সব সড়কই সংস্কার করা হবে। কোনো সড়ক ভাঙা অবস্থায় থাকবে না।