চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকার এক ফার্মেসির মালিক নিজেই বনে গেলেন ‘অভিজ্ঞ চিকিৎসক’। চিকিৎসাবিষয়ক কোনো ডিগ্রি না থাকার পরও রোগীদের ব্যবস্থাপত্র দিতেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েন তিনি। এক লাখ টাকা জরিমানা ছাড়াও আর কোনো দিন রোগী দেখবেন না, এমন মুচলেকা তাঁকে দিতে হয়েছে।
অভিযানে ছয়টি ওষুধের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকা, বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধ ও অনুমোদনহীন ভারতীয় ওষুধ বিক্রির দায়ে এই জরিমানা করা হয়েছে। গতকাল নগরের কুঞ্জ ছায়া আবাসিক এলাকা ও আতুরার ডিপো এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময় ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।
গত ২৪ নভেম্বর নগরের হাজারী লেনে ওষুধের দোকানে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করা হয়। স্থানীয় দোকানমালিক ও বিক্রেতারা এ হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরপর দুই সপ্তাহের বেশি ওষুধে ভেজালবিরোধী অভিযান বন্ধ থাকে।
জেলা প্রশাসন সূত্র জানায়, আতুরার ডিপো এলাকার মেরাজ ফার্মেসির মালিক মো. ইসলাম চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন। এ জন্য ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতে এমনটি আর করবেন না মর্মে মুচলেকাও দিয়েছেন ওই ভুয়া চিকিৎসক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, মো. ইসলাম কোনো ডিগ্রি ছাড়াই নিজেকে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে জাহির করে এলাকায় রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ কারণে তাঁকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, লাইসেন্স ছাড়া ব্যবসা করায় কুঞ্জছায়া আবাসিক এলাকার কামাল ফার্মেসির মালিক মেজবাউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ফার্মেসি থেকে বিপুল পরিমাণে ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করায় একই এলাকার প্রমি ড্রাগ হাউসের মালিক ঝন্টু দেকে পাঁচ হাজার, মোহাম্মদিয়া মেডিকেল হলের মালিক মো. বাহারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ, ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে আতুরার ডিপো এলাকার এস বি ফার্মেসিকে ২০ হাজার, হক ফার্মেসিকে ১০ হাজার টাকা ও জননী মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।