ফালগুনীর স্বপ্নপূরণ
স্বপ্ন পূরণ হয়েছে ফালগুনীর। নিজের অদম্য মনোবল, নিরলস চেষ্টা, মা-বাবার অনুপ্রেরণা আর শিক্ষকদের সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক অনটন উপেক্ষা করে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সে।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাত হারায় ফালগুনী। তার পরও থেমে যায়নি সে। এবার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। আরও এগিয়ে যেতে চায় ফালগুনী। নিজেকে গড়ে তুলতে চায় আলোকিত মানুষ হিসেবে।বছর দশেক আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত দুটি হারানোর পর বাবা জগদীশ সাহা সর্বস্ব খরচ করে মেয়ের চিকিৎসা করান। একসময় দুর্ঘটনার কালো অধ্যায়কে ঝেড়ে ফেলে নতুন আশায় বুক বাঁধে ফালগুনী। শুরু করে কেটে ফেলা হাতের বাকি অংশ দিয়ে কলম ধরে লেখার কসরত। দীর্ঘদিনের নিরন্তর পরিশ্রমে সফল হয় সে। সহপাঠীদের সঙ্গে সমানতালে এগোতে থাকে তার পড়াশোনা। ২০০৫ সালে প্রাথমিক বৃত্তি পায় সে।ফালগুনীকে নিয়ে গত ২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘হার না মানা ফালগুনী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।