ফালুকে কারাগারে পাঠানোর আদেশ, পরে আবার জামিন

কারাগারে যাওয়ার আগেই আদালতে অসুস্থ হয়ে পড়ায় জামিন পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু। ঢাকা মহানগর হাকিমের আদালত থেকে আজ বৃহস্পতিবার এ জামিন পেলেন তিনি।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানায় করা একটি মামলায় আজ সকালে এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফালু। শুনানি শেষে আদালতের বিচারক শাহরিয়ার মোহাম্মদ আদনান জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই আদেশের পর মোসাদ্দেক আলী ফালু অসুস্থ হয়ে পড়লে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া পুনরায় জামিনের আবেদন করেন। পরে দুপুরের দিকে আবারও শুনানি গ্রহণ করে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
বাড্ডা থানায় মামলাটি হয় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি। তদন্ত শেষে পুলিশ গত ২৭ জুন ফালুসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এ মামলায় হাইকোর্ট তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত ফালুকে জামিন দিয়েছিলেন। এরই মধ্যে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করায় তিনি আজ আদালতে আত্মসমর্পণ করেন।