ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ মামলা বাতিলের রায় বহাল
বিএনপির সাবেক সাংসদ ও ব্যবসায়ী মো. মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে করা মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে গতকাল বুধবার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ। আদালতে মোসাদ্দেক আলীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন।
আইনজীবী সূত্র জানায়, সাবেক তত্ত্বাবধয়াক সরকারের আমলে ২০০৭ সালে রাজধানীর তেজগাঁও থানায় ফালুসহ ছয়জনের বিরুদ্ধে ওই মামলা করে দুদক।
মামলায় ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় ২০০৮ সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ফালু। শুনানি শেষে ২০১৮ সালের ৭ মার্চ হাইকোর্ট ফালুর ক্ষেত্রে মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে, যা গতকাল খারিজ হলো।