ফালুর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ভোগদখলে রাখা এবং ভিত্তিহীন ও মিথ্যা তথ্যসংবলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে মামলাটি করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৩ অক্টোবর মাহবুবা সুলতানা তাঁর নামে থাকা ৯ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ৮০৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হিসেব দুদকে জমা দেন। এর মধ্যে দায়দেনার পরিমাণ ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকা। তবে দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য ও দাখিল করা সম্পদের বিবরণীতে অমিল রয়েছে। সম্পদ বিবরণীতে দেখানো হয়, মাহবুবা সুলতানার নামে অর্জিত সম্পদের মধ্যে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৮৬৩ টাকা আয় হয় মাছ চাষ ও গরুর খামার থেকে। কিন্তু এর সপক্ষে মৎস্য ও পশুসম্পদ অধিদপ্তরের কোনো নিবন্ধন, পরিদর্শন প্রতিবেদনসহ বিনিয়োগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর নামে মাছের কোনো খামারেরও অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া ১ কোটি ৭৪ হাজার ২৮২ টাকার প্রদর্শিত আয়, ব্যবসায় বিনিয়োগ করা দুই কোটি টাকা ও বনানীর বাড়িতে বিনিয়োগ করা ৬৬ লাখ ৭৭ হাজার ৩২৭ টাকার আয়ের সমর্থনে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।

সব মিলিয়ে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছে বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এনটিভির কোম্পানি সচিব অমিতাভ ভৌমিক বলেন, অনেক আগে মাহবুবা সুলতানার খামার ছিল। ব্যক্তিগতভাবে খামার করতে হলে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো অনুমোদন লাগে না। এখন খামারও নেই। সেটার আয়ও নেই। আর তাঁর যা কিছু আয়, সবই আয়কর বিবরণীতে অন্তর্ভুক্ত করা আছে।

এর আগে চলতি বছরের ১৫ মে মোসাদ্দক আলী ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।