ফাল্গুন মিশেছিল বইয়ের মোহনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাঁ, ফাগুনের প্রথম দিনটা ছিল দেখার মতো। ‘বসন্তের শুভেচ্ছা’, ‘ফাগুনের অভিনন্দন’ এ ধরনের শব্দাবলি আগে কখনো এভাবে শুনেছি বলে মনে পড়ে না। উৎসবের আবহে বাহুল্য কিছু ছিল না, যা ছিল তা যেন উঠে আসছিল অস্তিত্বের ভেতর থেকে।

তবে পড়ন্ত বিকেলে মেলায় ঢোকা গেছে সহজেই। তখনো টিএসসির আশপাশ লোকে লোকারণ্য।

স্টলগুলোর কর্মচারীদের দেহভাষাই বলে দিচ্ছিল, আজ কেউ নিরাশ হননি। ক্যাশবাক্সগুলো হাসছে।

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে বইমেলায়ও লেগেছিল ফাগুনের হাওয়া। ফুলেল সাজে সেজে বইমেলায় ভিড় জমান বইপ্রেমীরা। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যা​েন অমর একুশে গ্রন্থমেলার একটি স্টল থেকে তোলা ছবি l প্রথম আলো
ঋতুরাজ বসন্তের প্রথম দিনে বইমেলায়ও লেগেছিল ফাগুনের হাওয়া। ফুলেল সাজে সেজে বইমেলায় ভিড় জমান বইপ্রেমীরা। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যা​েন অমর একুশে গ্রন্থমেলার একটি স্টল থেকে তোলা ছবি l প্রথম আলো

নৃবিজ্ঞানী ও গবেষক রাশেদা খান পরে এসেছেন হলুদ শাড়ি। তাঁর মনে সংশয়, ‘গতবারের তুলনায় কি ভিড় একটু কম?’ যখন তাঁকে বলা হলো, মেলার বাইরের জনস্রোত এদিকেই ধাবমান, তখন তিনি বললেন, ‘আপনি খুব ভালো একটা অনুভব দিলেন। ধন্যবাদ।’

একই পোশাকে এসেছেন রায়হান সুলতানা। তিনি বললেন, ‘আমি এর আগেও মেলায় এসেছি। বই কিনেছি। আজও দেখব, কিনব। প্রিয় কয়েকজন লেখকের বই কেনার ইচ্ছে আছে। পয়লা ফাল্গুন বলে আজ অফিস থেকে ছুটিও নিয়েছি।’

মেলায় একটা বেঞ্চিতে বসে হই–হট্টগোলের মধ্যেই ছোটদের ছবিওয়ালা বই পড়ছে অদ্রি চূড়া আর অর্চি প্রভা। বাবা দুর্লভ বাড়ৈ কিনেছেন অভিধানসহ অনেক বই। মা উর্বশী মণ্ডল বসে আছেন পাশে। বই কেনা ও পড়ায় যে পরিবারটির আগ্রহ রয়েছে, তা বুঝতে কষ্ট হয় না।

ইমদাদুল হক মিলন অটোগ্রাফ দিচ্ছিলেন অনন্যায় দাঁড়িয়ে। তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আজ দিনটিকে কি একটু অন্য রকম লাগছে?’ কথা টেনে নিয়ে তিনি বললেন, ‘আরে কী বলো, আজকের মতো অন্য রকম দিন তো এই বছর আর দেখিইনি। আজ চারদিক হলুদ রঙে ভরে গেছে। মেয়েরা সুন্দর করে সেজে এসেছে। দেখতে খুব ভালো লাগছে। এবং প্রচুর বই বিক্রি হচ্ছে। রোমান্টিক বইগুলোর খুব চাহিদা। বাচ্চারাসহ বেশির ভাগ মানুষ বই কিনছে, এটা খুব শুভ লক্ষণ।’

একই প্রশ্ন নিয়ে হাজির হই আনিসুল হকের কাছে। প্রথমা প্রকাশনে বসে অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি। বললেন, ‘আজকের দিনটা তো আমার পুরোই বাসন্তী লাগছে। হলুদ সরষে ফুল নাকি কমলা রঙের কমলালেবু দেখছি, সেটা আমি ঠিক ঠাহর করে উঠতে পারছি না। আজ তো পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। আমার খুবই ভালো লাগে, আমরা বাঙালিরা বাংলা বর্ষপঞ্জিটা স্মরণ করি। পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ, শরৎ উৎসব আমরা উদ্‌যাপন করি। বিশেষ করে বসন্ত ভালো লাগে—বসন্ত কবিদের প্রিয় ঋতু। আজ অন্য বইয়ের মাঝে আমার কিছু রোমান্টিক বইতেও অটোগ্রাফ দিয়েছি।’

শিক্ষক ও সাংবাদিক রাহাত মিনহাজের মন আজ খুব ভালো। আজ তাঁর বই বেরিয়েছে। সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর নামের বইটি এসেছে শ্রাবণ থেকে। তিনি বললেন, ‘মোড়ক উন্মোচন করলেন আমার শিক্ষক গোলাম রহমান স্যার। আজ স্ত্রী, সন্তানকে নিয়ে এসেছি। এটা আমার সারা জীবনের স্মৃতি।’

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলার শিক্ষক রেজাউল করিম এসেছেন হলুদ পাঞ্জাবি গায়ে। মূলত ধ্রুপদি সাহিত্যের বই তাঁর হাতে। রবীন্দ্রনাথ, বঙ্কিম, বেগম রোকেয়া, ইমদাদুল হক মিলনের বই কিনেছেন তিনি। ফুটবলার কায়সার হামিদ এসেছেন মেলায়। তাঁর স্ত্রীর লেখা বই বের হয়েছে এবার। লোপা কায়সারের হাতে দেখা গেল নীল দহন নামে তাঁরই লেখা একটি বই।

শহিদুল ইসলামের গায়ে হলুদ পাঞ্জাবি। ‘হিমু সাজলেন নিজের ইচ্ছায়?’ চমকে দেওয়ার জন্য সরাসরি প্রশ্ন করি।

ঘাবড়ে না গিয়ে তিনি বললেন, ‘না, স্ত্রীর ইচ্ছায়। আজ পয়লা ফাল্গুন। স্ত্রীর চাওয়াটাই প্রাধান্য দিলাম।’

তাঁর স্ত্রী উম্মে কাওসারকে জিজ্ঞেস করি, ‘হিমু কি খুব পছন্দ?’

‘হ্যাঁ। সব হিমু পড়ে ফেলেছি।’

‘হিমুর লেখক তো আর নেই। নতুন হিমু পাবেন কোথায়?’

 ‘ওকেই হিমু ভাবব।’ উম্মে কাওসারের ঝটপট উত্তর।

লেখক ইসহাক খান আড্ডা দিচ্ছিলেন দুই কবি আবু হাসান শাহরিয়ার আর ফরিদ কবিরের সঙ্গে। জানালেন, তিনি বিচ্ছু গেরিলা নামে তাঁর একটি কিশোর উপন্যাস এসেছে বাংলা প্রকাশন থেকে। ধ্রুব এষ করেছেন প্রচ্ছদ।

.
.

ফরিদ কবির কিছু বলবেন না। শুধু বললেন, ‘শাহরিয়ার আমার কিছুটা সিনিয়র। সব বিষয়েই আমার গুরু। ওঁ-ই বলবে।’ আবু হাসান শাহরিয়ারের কাছে জানতে চাইলাম, কেমন লাগছে দিনটি। তিনি বললেন, ‘পহেলা ফাল্গুন তাই মনও আজ পলাশের বন।’

বাহ্! এরই মধ্যে কবিতা! তিনি বললেন, ফাল্গুন আজ বইয়ের মোহনায় এসে মিশেছে।

হ্যাঁ, কবি ঠিকই বলেছেন। বসন্ত আজ মেলায় এসে যেন নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে।

মেলায় প্রথমা প্রকাশনের একটি গুরুত্বপূর্ণ সংযোজন মতিউর রহমানের ইতিহাসের সত্য সন্ধানে: বিশিষ্টজনদের মুখোমুখি।প্রথমা প্রকাশন আরও এনেছে মঈনুস সুলতানের রোড টু কান্দাহার।একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল মেলার ১৩তম দিনে নতুন ৭১টি বই এসেছে। এ ছাড়া ১৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মেলায় বাংলা একাডেমি এনেছে আনিসুজ্জামান সম্পাদিত প্রথম শহিদ মিনার ও পিয়ারু সরদার।ঐতিহ্য এনেছে সাদ উর রহমানের ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি।মাওলাব্রাদার্স এনেছে পিয়াস মজিদের প্রবন্ধগ্রন্থ মনীষার মুখরেখা।আগামী এনেছে আহমদ শরীফের ডায়েরি ভাব-বুদ্বুদ ও অ্যাডর্ন পাবলিকেশন্স এনেছে মোস্তাক শরীফের নীল অর্কিড, রূপ প্রকাশন এনেছে ডা. প্রণবকুমার চৌধুরীর ভ্যালেন্টাইন প্রিয়া।

জনসংযোগ উপবিভাগের দেওয়া তথ্যনুযায়ী আরও জানা গেছে, গতকাল গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মদনমোহন তর্কালঙ্কারের জন্ম দ্বিশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শফিউল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন সফিউদ্দিন আহমদ ও রতন সিদ্দিকী। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক-গবেষক সৈয়দ আবুল মকসুদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দলীয় নৃত্য ও একক সংগীত পরিবেশনা।

আজ মঙ্গলবার বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘পঞ্চাশ ও ষাট দশকের একুশের সংকলন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।