ফাস্টফুড পরিহারে সচেতন হতে প্রচারাভিযান
জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব বিবেচনায় ‘ফাস্টফুড’জাতীয় খাবার ও কোমল পানীয় পরিহার করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টসহ কয়েকটি সংগঠন।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ-সংক্রান্ত প্রচারাভিযান চালানো হয়।
এ বিষয়ে ডব্লিউবিবি ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে হৃদ্রোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ বৃদ্ধির মূল কারণ হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন। বেশির ভাগ মানুষ, বিশেষ করে শিশুরা এখন টাটকা শাকসবজির বদলে ফাস্টফুডজাতীয় খাবার ও কোমল পানীয়র প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। আর এ প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলোর চটকদার বিজ্ঞাপন।
তাই এর বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রচারাভিযান থেকে এসব খাবার পরিহারে নিজেদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
ডব্লিউবিবির সঙ্গে এ প্রচারাভিযানে আরও ছিল এলআরবি ফাউন্ডেশন, মাধবিকা ও অরুণোদয়ের তরুণ দল। বিজ্ঞপ্তি।