ফাহমিদা আক্তারের দাফন সম্পন্ন
দৈনিক ইত্তেফাক-এর প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদক আখতার-উল-আলমের কবরেই তাঁর নিহত মেয়ে ফাহমিদা আক্তারকে (৪৭) দাফন করা হয়েছে। আজ শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন ফাহমিদা আক্তারের ভাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল-আলম।
ফাহমিদাকে নিজ ফ্ল্যাটে হত্যা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের ফ্ল্যাট থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
দুই ভাই ও এক বোনের মধ্যে ফাহমিদা ছিলেন দ্বিতীয়। তাঁর স্বামী গোলাম রব্বানী বাহরাইনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। একমাত্র ছেলে সিরাতুল মুস্তাকিম যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। মহানগর প্রজেক্টের ৫ নম্বর সড়কের একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে একাই থাকতেন ফাহমিদা। বিদেশ থেকে স্বামী দেশে আসতে পারলেও ছেলের পরীক্ষা চলায় তিনি আসতে পারেননি।
রামপুরা থানার পুলিশ জানায়, ফাহমিদা আক্তারের গৃহকর্মী সাবিহা বেগম কাজ করার জন্য গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই ফ্ল্যাটে গিয়ে অনেকক্ষণ কলবেল চাপেন এবং দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সাবিহা বাড়ির নিরাপত্তাকর্মীর মাধ্যমে ফাহমিদার মোবাইলে ফোন করেন। কিন্তু রিং হলেও কেউ ধরেননি। তাঁরা বিষয়টি বাড়ির কয়েকজন বাসিন্দাকে জানান। পরে একজন সজোরে কয়েকটি লাথি মারলে দরজা খুলে যায়। ভেতরে গিয়ে তাঁরা দেখেন শয়নকক্ষের মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন ফাহমিদা।
ফাহমিদা আক্তারের ভাই রিজওয়ান-উল-আলম ঘটনার পর মামলা করেছেন।