উত্তরখানে দেড় বছরের শিশুপুত্রকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা ফাহমিদা মীরকে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নেওয়া হয়েছিল। তিনি পুলিশি পাহারায় ওই হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ফলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না। কোনো তথ্যও পাচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে ফাহমিদাকে আমাদের বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছিল। আরও দু-এক সেশন হলে জানা যাবে তাঁর মানসিক কোনো অসুস্থতা রয়েছে কি না এবং থাকলে তিনি কী ধরনের সমস্যায় ভুগছেন।’ গত সোমবার রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাড়ির চতুর্থ তলায় দেড় বছরের শিশু নেহাল সাদিককে হত্যা করা হয়। লাশের পাশে তার মা ফাহমিদাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ফাহমিদার ঘাড়ের বাঁ পাশে কাটা ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দাম্পত্য কলহের কারণে ফাহমিদা ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। হত্যায় জড়িত অভিযোগে ফাহমিদাকে আটক করে উত্তরখান থানার পুলিশ। মঙ্গলবার শিশুর বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন এ ব্যাপারে ফাহমিদার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগের শিক্ষক দেবেশ চন্দ্র তালুকদার বলেন, ‘ফাহমিদা মীরের মানসিক অবস্থার চেয়েও শারীরিক অবস্থা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর শরীরে যে ক্ষত রয়েছে, তার চিকিৎসা চলছে। পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞদেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। ফাহমিদার শারীরিক অবস্থা উন্নতির দিকে।’
মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘ফাহমিদা চিকিৎসাধীন রয়েছেন। তাই হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। চিকিৎসা শেষ হলে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।’