ফাহিম মুনয়েম আর নেই

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ফাহিম মুনয়েমের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, ফাহিম মুনয়েমের মরদেহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ছেলে আজ বৃহস্পতিবার দেশে ফেরার পর তাঁর জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।
সৈয়দ ফাহিম মুনয়েম ১৯৫৩ সালের ৪ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ নুরউদ্দিন জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য এবং দৈনিক সংবাদ-এর নির্বাহী সম্পাদক ছিলেন। ফাহিম মুনয়েমও জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন।
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মাছরাঙা টেলিভিশনে ২০১০ সালে যোগ দেন ফাহিম মুনয়েম। এর আগে তিনি ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। দীর্ঘদিন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়া তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ফাহিম মুনয়েম দৈনিক সংবাদ, মর্নিং সান ও বার্তা সংস্থা ইউএনবিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
গতকাল এক শোক বিবৃতিতে ফখরুদ্দীন আহমদ বলেন, ‘শুধু প্রেস সচিব হিসেবে নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অতি মূল্যবান পরামর্শ ও উপদেশ দিয়ে তিনি আমাকে সাহায্য করেছেন। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বাক্স্বাধীনতার ব্যাপারে তাঁর ছিল প্রবল উৎসাহ, যে উৎসাহে উপকৃত হয়েছিল পুরো দেশ ও জাতি।’
ফাহিম মুনয়েমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, তথ্যসচিব মরতুজা আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন শোক প্রকাশ করেছে।