ফাহিম মুনয়েমের দাফন আজ

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের জানাজা ও দাফন হবে আজ শুক্রবার।
জাতীয় প্রেসক্লাব ও মাছরাঙা টেলিভিশন সূত্র জানায়, আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর সর্বশেষ কর্মস্থল মাছরাঙায়। সেখানে বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে তাঁর গুলশানের বাসায়। এরপর বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
বুধবার ভোরে গুলশানে নিজ বাসভবনে হৃদ্রোগে মারা যান ফাহিম মুনয়েম। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাছরাঙা টেলিভিশনের আগে ফাহিম মুনয়েম ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। দীর্ঘদিন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। দৈনিক সংবাদ, মর্নিং সান ও বার্তা সংস্থা ইউএনবিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।