ফাহিম মুনয়েমের দাফন সম্পন্ন

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের মরদেহ গতকাল শুক্রবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা, সর্বশেষ কর্মস্থল মাছরাঙা টিভিতে দ্বিতীয় জানাজা এবং বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির প্রমুখ। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী জানাজার সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফাহিম মুনয়েমের বাবা প্রখ্যাত সাংবাদিক সৈয়দ নূরউদ্দিন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ব্যক্তিদের একজন। গত বুধবার ভোরে গুলশানে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ফাহিম মুনয়েম। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
মাছরাঙা টেলিভিশনের আগে ফাহিম মুনয়েম ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। দীর্ঘদিন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।