দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম মাহফুজের হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ফাহিমকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। অন্যদিকে ১০ থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।গতকাল রোববার ক্যাম্পাসে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু শিক্ষার্থীরা আতঙ্কে নিজেরাই ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।উপাচার্য বলেন, গত ৩১ মে বিকেলে ও রাতে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। দুই পক্ষের বিরোধ মেটাতে শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এসে বৈঠক করেন। বৈঠকের বিরতির সময়ই ফাহিম খুন হন।উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় গতকাল কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী মৃণাল কুমার গোস্বামীকে আসামি করা হয়েছে।দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিছুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজাহার দিয়েছে। এ ছাড়া ফাহিমের বাবা থানায় ফোন করে জানিয়েছেন, তিনি মামলা করবেন। সব মামলা একটি মূল মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে।রেজিস্ট্রার বলরাম রায় প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে গত শনিবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ চত্বরে ফাহিমের প্রথম জানাজা শেষে রাতেই তাঁর মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামে নিয়ে যাওয়া হয়। গতকাল দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন বাঁশেরহাট বাজারে ছুরিকাঘাতে নিহত হন ফাহিম।