যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান ওরফে মিল্কি হত্যা মামলার আসামি ফাহিমা ইসলাম লোপার জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৯ ফেব্রুয়ারি ওই মামলায় ফাহিমার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। আবেদনের শুনানি শেষে আদালত গতকাল এ আদেশ দেন।
গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। পরে দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, ফাহিমার জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত।
সূত্র জানায়, ফাহিমা রিয়াজুলের কথিত সহযোগী ব্যবসায়ী মারুফ রেজা ওরফে সাগরের স্ত্রী। এ মামলার অন্যতম আসামি তারেককে রিয়াজুলের সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছিলেন ফাহিমা—এ অভিযোগে গত বছরের ৩ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে গুলশান ১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে রিয়াজুলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।