দিনাজপুরে হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ছাত্র ফাহিম মাহফুজ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দিনাজপুর প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।মানববন্ধনে উপাচার্য এম আফজাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ৯ জুন দুপুরে ক্যাম্পাসসংলগ্ন বাজারে প্রকাশ্য দিবালোকে ফাহিম মাহফুজকে নৃশংসভাবে খুন করেন মৃণাল নামের বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। আসামির নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি করা হয়েছে। কিন্তু খুনিকে ধরেনি পুলিশ। এর ফলে এ ধরনের আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, আসামিকে গ্রেপ্তার না করায় ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ফাহিমের মা ফেরদৌসী বেগম ছেলে হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বাবা মাহফুজুর রহমান এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শুরুর আগে হত্যাকারীকে গ্রেপ্তার ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী শহরে মৌন মিছিল করেন।