
সম্প্রতি ক্রসফায়ারে নিহত ফয়জুল্লাহ ফাহিম সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদারীপুরে একজন কলেজশিক্ষককে হত্যার জন্য আঘাত করা হলো। যে লোকটা একজন কলেজশিক্ষককে মারতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা পড়ল, তার জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন?
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক আগেই সন্দেহ করেছিলাম, হঠাৎ গুপ্তহত্যা কেন? মাদারীপুরের জনগণ সাহসের সঙ্গে কলেজশিক্ষকের ওপর আঘাতকারীকে ধরে ফেলল। পরে তাকে নিয়ে আরও লোকজন ধরতে গেলে সে ক্রসফায়ারে বা যেকোনো কারণে হোক মৃত্যুবরণ করেছে। তার জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন, এটা আমার প্রশ্ন? তার মানে, হাঁড়ির ভাত সেদ্ধ হচ্ছে কি না, তা একটা টিপলেই বোঝা যায়। এ থেকেই বোঝা যায়, গুপ্তহত্যার সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মানুষ পুড়িয়ে তারা জনগণের রুদ্ররোষের শিকার হয়েছে। এখন গুপ্তহত্যা ঘটিয়ে তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।’ তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড যারাই ঘটাবে, তাদের বিরুদ্ধে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
‘পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো অনেক আধুনিক হয়েছে। এখন আর চেরনোবিলের ঘটনার মতো ঘটনা ঘটার সুযোগ নেই’
১৫ জুন বিকেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দীন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীকে তাঁর বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ধাওয়া করে ফয়জুল্লাহ ফাহিমকে (১৯) আটক করে পুলিশে দেন। পরে ১০ দিনের রিমান্ডে থাকা অবস্থায় ১৮ জুন পুলিশ সদর থানার মিয়ারচর এলাকায় তাঁকে নিয়ে অভিযানে বের হলে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন।
শেখ হাসিনা খালেদা জিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ‘রোজা-রমজানের দিনে আমরা ইফতার অনুষ্ঠানে গিয়ে আল্লাহ-রসুলের নাম নিই। আর ওই মহিলা ইফতারে গিয়ে প্রতিদিন নতুন নতুন গিবত গাওয়া, মানুষের বদনাম করা আর মিথ্যা-অসত্য কথা বলেন। এটাই হচ্ছে তার চরিত্র। এর বেশি আমি বলতে চাই না। জনগণ এর বিচার করবে।’
শেখ হাসিনা চলমান গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে বলেন, ‘আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান এখানে হবে না। এ ব্যাপারে আমরা শক্ত ব্যবস্থা নিয়েছি। তবে কিছু ঘটনা ঘটছে। এসব ঘটনা তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করা হচ্ছে।’
শেখ হাসিনা তাঁর সরকারের কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, ‘আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর অনেক উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছি। বিশ্বমন্দা সত্ত্বেও বিনিয়োগ ৪৪ শতাংশ বেড়েছে।’ বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যুৎ নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে। অনেক লেখালেখি হয়। টক শোতে টেলিভিশন ভেঙে ফেলার উপক্রম হয়। বর্তমানে ১৪ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। এখন ৭৩ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হবে।’
পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের উদ্বেগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্বেগ থাকা অস্বাভাবিক নয়। তবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো অনেক আধুনিক হয়েছে। এখন আর চেরনোবিলের ঘটনার মতো ঘটনা ঘটার সুযোগ নেই। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে অনেক হইচই। কী কারণে হইচই তা আমার বোধগম্য নয়। পরিবেশ নষ্টের কথা যাঁরা বলছেন, তাঁদের জানাতে চাই, অক্সফোর্ড থেকে বিশ্বের অনেক বড় বড় দেশের শহরের পাশেই এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এখানে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা মোটেও নেই। পরিবেশ বা সুন্দরবন নষ্টের এতটুকু আশঙ্কা থাকলে নিশ্চয়ই এটা আমরা করতাম না।’
সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আগে সেনাবাহিনীর অনেকে সরকারপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তাঁরা কিন্তু প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নের জন্য কিছু করেননি। তাঁরা এই বাহিনী ব্যবহার করেছেন ক্ষমতা দখলের জন্য। আর আওয়ামী লীগ এসে সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও শক্তিশালী করেছে।
পদ্মা সেতুর নির্মাণকাজ এগিয়ে চলছে: পদ্মা সেতুর নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের ফলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়েছে। ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
গতকাল জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ সব প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরিকত ফেডারেশনের এম এ আউয়াল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আখতার জাহান, সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাব দেন।