ফায়ার লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার ফায়ার লাইসেন্স ও অগ্নি প্রতিরোধক সরঞ্জাম না থাকার অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইয়াসমীন পারভীন তিরবিজী।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আগ্রাবাদ লাকি প্লাজার ‘মেসার্স শতফুল’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার এবং নিউমার্কেট এলাকার জহুর হকার মার্কেটের ‘মেসার্স রুবেল গার্মেন্টস’ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক এবং মিডিয়া সেলের সভাপতি মো. জসিম উদ্দিন প্রথম আলোকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাকি প্লাজা ও জহুর মার্কেটের সভাপতি এবং সাধারণ সম্পাদক আগামী দুই দিনের মধ্যে বাকি দোকানগুলোর ফায়ার লাইসেন্স করার প্রতিশ্রুতি দিয়েছেন।