ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬ শুরু হয়েছে। গতকাল রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন।
এ বছর সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি; ভূমিকম্প মোকাবিলার সর্বোত্তম উপায়’।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা প্রদানের সক্ষমতা এবং কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। ফায়ার সার্ভিসকে সেবা প্রদানের ক্ষেত্রে আরও গণমুখী ও আধুনিক বিভাগে পরিণত করার চেষ্টা অব্যাহত থাকবে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৫ সালে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ২০ জন সদস্যকে পদক পরিয়ে দেন।