ফায়ার সার্ভিস স্টেশন ঝুঁকিতে ফেলে অবৈধ ভবন নির্মাণ
বান্দরবানের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে (দমকল বাহিনীর কার্যালয়) ঝুঁকিতে ফেলে এক আওয়ামী লীগ নেতা অবৈধভাবে পাঁচতলা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ভবন নির্মাণে ইমারত নির্মাণ আইন (বিল্ডিং কোড) ও পৌরসভার অনুমতি কোনো কিছুর তোয়াক্কা না করায় আবার গতকাল মঙ্গলবার কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে পৌরসভার মেয়র জানিয়েছেন। এর আগেও পৌরসভার প্রকৌশলীরা একবার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কাজ বন্ধ রাখা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলীরা বলেন, স্বল্প পরিসর জমিতে (প্রস্থ ১৯ ফুট ও দীর্ঘ ৪০ ফুট) এ ভবনটি নির্মাণ হলে ভিত্তি অত্যন্ত দুর্বল এবং ঊর্ধ্বমুখী ভারী হবে। এ জন্য ভবনটি ও ভবনসংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে। দমকল বাহিনীর সহকারী পরিচালক আবদুস সাত্তার মণ্ডল বলেন, দুর্যোগ ও ঝুঁকি থেকে উদ্ধারকারী দমকল বাহিনীকে ঝুঁকিতে ফেলে ভবন নির্মাণের বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছে।সরেজমিনে দেখা যায় ফায়ার সার্ভিস স্টেশনের সীমানা দেওয়াল ঘেঁষে ভবনটি অত্যন্ত সংকীর্ণ জায়গায় নির্মাণ করা হচ্ছে। শ্রমিকেরা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক ভবনটি নির্মাণ করছেন। এ ব্যাপারে মোহামঞ্চদ ইসহাক বলেন, জেলা শহরের কলেজ রোডের ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের সীমানা দেওয়াল ঘেঁষে তার ২০ শতক জমি রয়েছে। সেখানে তিনি নিজস্ব জমির ওপর ভবন নির্মাণ করছেন। পৌরসভার অনুমোদন না নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, অনুমোদন পরে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইমারত নির্মাণ আইন সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই বলে তিনি দাবি করেন। কাজ বন্ধ রাখার জন্য লিখিত কারও থেকে আদেশ পাননি বলেও তিনি জানান।গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ করতে হলে একটি ভবনের সীমানা দেওয়াল থেকে আরেকটির সীমানা কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। পৌরসভা চেয়ারম্যান জাবেদ রেজা ভবন নির্মাণের জন্য পৌরসভায় মোহাম্মদ ইসহাক কোনো আবেদন করেননি উল্লেখ করে বলেন, আবেদন করলে সম্ভাব্যতা যাচাই করা যেত সেখানে ইমারত আইন মেনে ভবন করা যাবে না কিনা। কিন্তু তিনি কোনো আইনকানুনের তোয়াক্কা না করে নির্মাণ কাজ করছেন। এ জন্য কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।