ফায়ার সার্ভিস স্টেশন নিয়ে দুই দপ্তরে ঠেলাঠেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গণপূর্ত বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে ঠেলাঠেলিতে ঠাকুরগাঁওয়ের দুটি ফায়ার সার্ভিস স্টেশন ভবন হস্তান্তর সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের অভিযোগ, ভবন নির্মাণকাজে অনিয়ম হয়েছে। আর গণপূর্ত বিভাগ বলছে, নিয়ম মেনেই কাজ হয়েছে। এখন জনবল নিয়োগে নিজেদের দুর্বলতা ঢাকতেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভবন বুঝে নিচ্ছেন না।
ঠাকুরগাঁও গণপূর্ত কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলায় দুটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের জুন মাসে দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে রানীশংকৈলের ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণের কাজটি পায় ঢাকার মেসার্স আশফাকুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৪ সালের ২ সেপ্টেম্বর কার্যাদেশ পাওয়ার পর ডিসেম্বর মাসে মেসার্স আশফাকুর রহমানের পক্ষে ভবনের কাজ শুরু করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী। আর ১ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে হরিপুরের কাজটি পায় মেসার্স কর কনস্ট্রাকশন নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩ সেপ্টেম্বর কার্যাদেশ পেয়ে ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র এস এম এ মঈন মেসার্স কর কনস্ট্রাকশনের পক্ষে কাজ শুরু করেন। দুটি ভবনেরই কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ৩০ নভেম্বর।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের পাশে রানীশংকৈলের এবং হরিপুর-ধীরগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে আছে হরিপুরের ফায়ার সার্ভিস স্টেশনের দ্বিতল ভবন। দুটি ভবনেরই নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনো অগ্নিনির্বাপণের কোনো সরঞ্জাম ও গাড়ি আনা হয়নি। কোনো কর্মকর্তা-কর্মচারীও নেই। ভবন পাহারা দিচ্ছেন ঠিকাদারের প্রহরী।
মেসার্স কর কনস্ট্রাকশনের পক্ষে হরিপুর ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণকাজ করছেন ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র এস এম এ মঈন। তিনি বলেন, ‘ঠিকাদাররা একটি শিডিউল ধরে কাজ শেষ করেন। যখন কর্তৃপক্ষ কাজটি হস্তান্তরের তারিখ ঘোষণা করে, তখন ঠিকাদার ভবনের রং, দরজা-জানালা, বাথরুমের ফিটিংসসহ ছোটখাটো কাজ শেষ করেন। কিন্তু কাজ শেষ হলেও ফায়ার সার্ভিস বিভাগ ভবন হস্তান্তরের বিষয়ে কোনো কথা বলছে না। তাই কাজও শেষ করা সম্ভব হচ্ছে না। উল্টো আমাকেই ভবনটি পাহারা দেওয়ার লোকের বেতন গুনতে হচ্ছে।’
ফায়ার সার্ভিস ঠাকুরগাঁও কার্যালয়ের উপসহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘ভবনের সিলিং ভেঙে পড়ছে, দেয়ালে শেওলা ধরে গেছে, দেয়াল ড্যাম হয়ে গেছে। হরিপুরে এ রকম ১৫টি ও রানীশংকৈলে ১২টি অনিয়ম চিহ্নিত করা গেছে। এসব অনিয়ম আমরা অধিদপ্তরে জানিয়েছি। পাশাপাশি গণপূর্ত বিভাগকেও জানানো হয়েছে। গণপূর্ত বিভাগ দরপত্র অনুযায়ী কাজগুলো করে দেওয়ার পরপরই ভবন দুটি বুঝে নিতে অধিদপ্তর থেকে আমাদের পরামর্শ দেওয়া হয়েছে।’ এ ছাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু করার মতো জনবল আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনবল এখন প্রশিক্ষণে আছে।
গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মাজিদার রহমান বলেন, ভবন দুটি বুঝে নেওয়ার জন্য ফায়ার সার্ভিসের ঠাকুরগাঁও কার্যালয়কে বারবার তাগাদা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে লোকবলের সংকটের অজুহাত দেখিয়ে ভবন দুটি বুঝে নেওয়া হয়নি। নিজেদের এ দুর্বলতা ঢাকতে কাজে অনিয়মের অভিযোগ এনে ভবন হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘ করতে চাচ্ছে ফায়ার সার্ভিস বিভাগ।
জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, ‘আশা করছি, খুব শিগগির ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু করা সম্ভব হবে।’