ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে না শিল্পাঞ্চলে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও মেঘনাঘাট শিল্পাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই। এলাকাবাসী ও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার তিন বছর আগে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের অনুমোদন দিলেও জায়গার অভাবে তা নির্মাণ করা যাচ্ছে না।সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়, কাঁচপুর ও মেঘনাঘাট শিল্পাঞ্চলে তিন শতাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বহুজাতিক কোম্পানি এখানে কারখানা স্থাপন করে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারণে এলাকাটি বর্তমানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনকাজে প্রতিদিন রাসায়নিক উপাদান গ্যাস, জ্বালানি তেলসহ বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহার হয়—যা মারাত্মক দাহ্য। এতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কাঁচপুর-মেঘনাঘাটের আশপাশ রূপগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলেও কোনো ধরনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নেই। এসব স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিতে হয়। ওই এলাকা থেকে যানজট মাড়িয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। সবকিছু পুড়ে ছাই হওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন এসে উপস্থিত হন।কারখানার মালিক ও এলাকাবাসী একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জন্য ১০ বছর ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেন। সর্বশেষ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল শিল্পপ্রতিষ্ঠানগুলোর পক্ষে ২০০৯ সালে সরকারের কাছে চিঠি দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, মেঘনা ও কাঁচপুর শিল্পাঞ্চলে আগুনে গত কয়েক বছরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের অর্থনীতিতে এই শিল্প এলাকার অবদানের কথা বিবেচনা করে এ এলাকায় অনতিবিলম্বে একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা জরুরি।পরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করার জন্য প্রয়োজনীয় জমি খুঁজে না পাওয়ার কারণে দরপত্র আহ্বান করা যায়নি। মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, সরকার ইচ্ছা করলে জমির ব্যবস্থা করতে পারে। কারণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশে অনেক সরকারি সম্পত্তি রয়েছে। এসব জমি দখলদারেরা দখল করে রেখেছে।২০০৯ সালের ৩ জুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আবু নাইম মো. শহীদুল্লাহ স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারের কাছে একটি পত্র দেন (পত্র নং-ডি ও নং- এফএস ও সিডি ৪৫)। পত্রে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলায় ৭৪ প্রকল্পে সরকার একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ ও বিভিন্ন জটিলতার কারণে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে না। জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার জন্য সাংসদকে অনুরোধ জানানো হয়। মহাপরিচালকের লেখা এ পত্রের তিন বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘জমি অধিগ্রহণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দাম বেশি হওয়ায় অনেকে জমি দিতে রাজি হচ্ছেন না।’আবু নাইম মো. শহীদুল্লাহ জানান, জমির ব্যবস্থা হলেই ওই এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে।সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল জানান, এত বড় শিল্প এলাকা ও ঢাকার পাশের গুরুত্বপূর্ণ এই এলাকায় এখনো একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হয়নি—তা দুঃখজনক।