ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আধা ঘণ্টা মানববন্ধন করা হয়েছে।গলাচিপা পৌরমঞ্চ থেকে শুরু করে খেয়াঘাট ও লঞ্চঘাট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। সড়কের মোড়ে মোড়ে চলে পথসভা। উপজেলা বণিক সমিতি আয়োজিত এই কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশের ব্যবসায়ীরা কেনাবেচা বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।মানববন্ধন শেষে পৌর মঞ্চ চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, গোলাম মোস্তফা, সন্তোষ কুমার দে ও সরদার মু. শাহ আলম।গলাচিপা থানার মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বণিক সমিতির আহ্বায়ক ইদ্রিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুস ছত্তার হাওলাদার প্রমুখ।