ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫ এর উদ্বোধন
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের সরঞ্জামে সজ্জিত করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের সরঞ্জামে সজ্জিত করার জন্য তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ফায়ার সার্ভিসের সদস্যদের নির্দেশ দিয়েছেন।
গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কমপ্লেক্সে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫-এর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নিনির্বাপণ কাজ এবং ভূমিকম্প আক্রান্ত, ডুবে যাওয়া ও দুর্ঘটনায় পড়া লোকজনের উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করেন। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুর্যোগ-দুর্ঘটনায় বীরত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের হাতে ‘রাষ্ট্রীয় পদক’ তুলে দেন।
শেখ হাসিনা ফায়ার সার্ভিস কর্মীদের উদ্দেশে বলেন, ‘পেশা ও পদবি যাই হোক না কেন, আপনাদের মনে রাখতে হবে, এটা কেবল চাকরি ও দায়িত্ব নয়। এ দেশ সবার। এ জন্য দেশ গঠন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আপনাদের আত্মনিয়োগ করতে হবে।’
শেখ হাসিনা বলেন, বহুতল ভবনের অগ্নিনির্বাপণের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর সরকার ইতিমধ্যে ২০০ কোটি টাকার সর্বাধুনিক সরঞ্জাম সংগ্রহ করেছে। আরও যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী গত বছর তাঁর চীন সফরকালে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় ৫০টি অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন ধরনের যান ও উদ্ধার যন্ত্রপাতি দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় বিশেষ করে বিধ্বস্ত ভবনে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় পাঁচটি আন্তর্জাতিক মানের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম গড়ে তুলেছে। সহায়ক শক্তি হিসেবে সারা দেশে ৬২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবী তৈরি করা হচ্ছে। অগ্নি দুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, এ জন্য তাঁর সরকার উদ্যোগ নেবে।
প্রধানমন্ত্রী ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতের ‘ধ্বংসযজ্ঞের’ উল্লেখ করে বলেন, ওই দুই দল সে সময় প্রায় ৩৫০ জন মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং ১৫ শ-র বেশি যানবাহন জ্বালিয়েছে। সে সময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন।