চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পাপেলা সুজ কারখানায় অগ্নিনির্বাপণের সময় আহত ফায়ার সার্ভিসের কর্মী মো. আবু সাঈদ (৪০) গতকাল সোমবার মারা গেছেন। আবু সাঈদের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গতকাল সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ মারা যান। গত রোববার সাঈদসহ ফায়ার সার্ভিসের তিন কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, রোববার সন্ধ্যায় ইপিজেডের পাপেলা সুজ কারখানায় অগ্নিনির্বাপণের সময় একটি দেয়াল ভেঙে ফায়ার সার্ভিসের তিন কর্মীর ওপর পড়ে। তাঁদের তাৎক্ষণিকভাবে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাতপ্রাপ্ত সাঈদকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। আহত অপর দুজন হলেন মিজানুর রহমান ও আখতারুজ্জামান। তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। গত শনিবার দিবাগত রাত তিনটা ২০ মিনিটের দিকে সিইপিজেডে অবস্থিত পাপেলা সুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রায় পৌনে সাত ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে গতকাল পর্যন্ত ওই কারখানায় ধোঁয়া দেখা যাচ্ছিল। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছিলেন।