ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে জঙ্গি হামলায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিনের স্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন আইজিপি এ কে এম শহীদুল হক। ছবিটি গতকাল পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ থেকে তোলা l প্রথম আলো
রাজশাহীতে জঙ্গি হামলায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিনের স্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন আইজিপি এ কে এম শহীদুল হক। ছবিটি গতকাল পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ থেকে তোলা l প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি হামলায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী ও আহত পাঁচ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পরিবারগুলোকে আর্থিক অনুদান দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের নিহত কর্মী আবদুল মতিনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আইজিপি এ কে এম শহীদুল হক মতিনের স্ত্রী তানজিলা বেগমের হাতে সাত লাখ টাকার চেক তুলে দেন। মতিনের মা বৃদ্ধ বাদেনুর নেছাকেও তিন লাখ টাকা দেওয়া হয়। তাঁর পক্ষে মতিনের ছোট ভাই মোস্তাফিজুর রহমান সেই চেক গ্রহণ করেন। এ সময় জঙ্গি হামলায় আহত পাঁচ পুলিশ সদস্যকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, জেলার গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) উৎপল কুমার, একই জেলার এএসআই আহসান হাবীব, কনস্টেবল আবু সাঈদ। তবে কনস্টেবল তাইজুল ইসলাম রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি গতকালের অনুষ্ঠানে আসতে পারেননি।

১১ মে পুলিশ সদর দপ্তরের গোপন শাখার তথ্যের ভিত্তিতে পুলিশ গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের বেনীপুরের সাজ্জাদ আলীর বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায়। জঙ্গিদের হামলায় অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিন নিহত হন। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

অনুদানের চেক পাওয়ার পর নিহত মতিনের স্ত্রী তানজিলা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওনার (মতিন) আয়ে আমাদের যৌথ পরিবারটি চলত। এখন আমরা অসহায়। আমার এক ছেলে এক মেয়ে পড়াশোনা করছে। ওদের পড়াশোনা শেষে সরকার যদি চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে আমি ভবিষ্যতে বেঁচে থাকতে পারব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিদর্শক ফাতেমা বেগম, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপরাধ) হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক এম খুরশীদ হোসেন।