ফায়ার সার্ভিসের চার কর্মীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সাভারের রানা প্লাজায় যাঁরা উদ্ধারকাজ চালিয়েছেন, ফায়ার সার্ভিসের এমন চার কর্মীকে সম্মানিত করেছে বেসরকারি সংস্থা পেনিনসুলা ওয়েলফেয়ার ট্রাস্ট। এ ছাড়া ফায়ার সার্ভিসের কল্যাণ ট্রাস্টেও এক লাখ টাকা দিয়েছে এই সংস্থা।গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের চার কর্মী আবদুর রব, আবুল খায়ের, আবু ইউসুফ ও সোহেল রানাকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। পেনিনসুলা ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ আকবরী আক্তার নাগমা এই টাকার চেক তাঁদের হাতে তুলে দেন। ফায়ার সার্ভিসের কল্যাণ ট্রাস্টের জন্য এক লাখ টাকার চেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানের হাতে তুলে দেওয়া হয়।পেনিনসুলা ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউর রহিম বলেন, ‘আপনারা যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চালিয়েছেন, তাঁরা জাতীয় বীর, আপনাদের অভিবাদন জানাই।’ উদ্ধারকর্মী আবদুর রব বলেন, ‘মানুষকে বাঁচানোর তাগিদ থেকে আমরা কাজ করি। আসলে কাউকে বাঁচানোর চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়ই সহায়তা করেন।’ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, ‘ফায়ারের কর্মীরা যেটা করেছেন, সেটাই আমাদের কাজ। কিন্তু তার পরও আপনারা যে স্বীকৃতি দিলেন, সেটা আমাদের সম্মানিত ও উৎসাহিত করবে।’ তিনি আরও বলেন, ‘ফায়ারের কর্মীদের সঙ্গে প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবীও উদ্ধারকাজ চালিয়েছেন। সাধারণ মানুষ, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট—সবাই মিলে আমরা সেখানে কাজ করেছি। আমরা প্রমাণ করেছি যে একতাই শক্তি। একসঙ্গে থাকলে আমরা যেকোনো দুর্যোগ মোকাবিলা করতে পারব।’প্রথম আলোর সহযোগী সম্পাদক আনুিসল হক বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা সাভারে অসাধারণ ভূমিকা রেখেছেন। আমরা যদি ভালো কাজকে স্বীকৃতি দিই, তাহলে আরও ভালো কাজ করতে মানুষ উৎসাহী হবে।’অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু উদ্ধারকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা হলেন মানুষের মতো মানুষ, আপনাদের কাজ দেখে শ্রদ্ধায় মাথা নত হয়।’ ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মাহবুব, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ মে ‘জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হলে ট্রাস্ট এদের সম্মাননা জনানোর সিদ্ধন্ত নেয়।