ফায়ার সার্ভিসের চার গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি থেকে এ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি। ভাঙচুর করা হয়েছে দুটি। এ সময় হরতালকারীদের মারধরের শিকার হয়েছেন ফায়ার সার্ভিসের ১৮ জন কর্মী।দেশের বিভিন্ন জায়গায় জামায়াত-শিবির এবং সর্বশেষ বিএনপির নেতৃত্বাধীন জোটের সহিংসতার সময় যানবাহন ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় লাগিয়ে দেওয়া আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসকেও বাধা দেওয়া হয়েছে।অভিজ্ঞতা বর্ণনা করে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চাঁপাইনবাবগঞ্জের কানসাটে অবস্থিত পল্লী বিদ্যুতের কার্যালয় ও উপকেন্দ্রে আগুন ধরিয়ে দিয়ে দেওয়া হয়। দুপুরের সময় ওখানে প্রথম দফায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর জন্য বের হয়। কিন্তু হামলাকারীরা মাঝপথে গাড়িগুলো আটকে দেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সদর দপ্তর ও জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে পুলিশের সাহায্য চান। কিন্তু বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি অকুস্থলে যেতে পারেনি। শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ ও বিজিবির পাহারায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও শিবগঞ্জ থেকে গাড়ি গিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে বিদ্যুতের উপকেন্দ্রসহ সব পুড়ে যায়।স্থানীয় পুলিশ ও এলাকাবাসী এ জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১ মার্চ জয়পুরহাটের পাঁচবিবির গোবিন্দপুর এলাকায় সহিংসতার আগুন নেভাতে গিয়ে দুর্বৃত্তদের বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। তারা গাড়ির কাচ, বাতি ভেঙে ফেলে। লাঠিসোঁটা ও কুড়াল দিয়ে গাড়িতে আঘাত করে ক্ষতিসাধন করে। দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা ছয়জন কর্মীকেও মারধর করে।এ ঘটনায়ও জামায়াত-শিবির জড়িত ছিল বলে দাবি করেন স্থানীয় পুলিশ ও এলাকাবাসী।৭ মার্চ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর (রহনপুর) ফায়ার স্টেশন থেকে নাশকতার আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হন ফায়ার সার্ভিসের কর্মীরা। মুশুরী ভুজা এলাকায় দুর্বৃত্তরা পাম্পসহ ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় কর্মীদেরও মারধর করা হয়। এতে আটজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হন।সর্বশেষ ১৮ মার্চ গভীর রাতে রাজশাহীতে আগুন নেভাতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। দুর্বৃত্তরা গাড়িতে ভাঙচুর চালায়। কাচ ও সব বাতি ভেঙে ফেলে। চালককে মারধর করে এবং ভয় দেখিয়ে আগুন না নিভিয়ে ফেরত যেতে বাধ্য করে।এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া জামায়াত-শিবির ফায়ার সার্ভিস স্টেশনে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুরো এলাকায়ই জামায়াত-শিবির ব্যাপক তাণ্ডব চালায়।গত ৩১ জানুয়ারি আশুলিয়ায় আগুন নেভাতে গেলে একদল দুর্বৃত্ত বাধা দেয় এবং ফায়ার সার্ভিসের পানিবাহী একটি নতুন গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় তিনজন কর্মীকেও মেরে আহত করা হয়।ফায়ার সার্ভিসের পরিচালক জিহাদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিস পুরোটাই জনগণের সম্পদ। আমরা আশা করি, জনগণ তাদের সম্পদ নষ্ট করবে না।’ তিনি আরও বলেন, যেসব জায়গায় গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেসব জায়গায় শিগগিরই নতুন গাড়ি প্রতিস্থাপনের কোনো সুযোগ নেই। অগ্নিনির্বাপণের উপকরণগুলো অনেক দামি। স্বল্প সম্পদ নিয়ে চলা সংস্থাটিতে এসব হামলা একেকটি বড় ধাক্কার মতো।