চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ প্রকল্পের কাজ দুই মাস ধরে বন্ধ রয়েছে। বাজেটসংকটের কারণে গত জুলাই মাস থেকে এই প্রশিক্ষণ বন্ধ রাখা হয়েছে। তবে চলতি সেপ্টেম্বর মাস থেকে বাজেট আসা সাপেক্ষে প্রশিক্ষণ আবার চালুর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সভাপতি ও উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাজেট এলে আমরা চলতি মাস থেকেই আবার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে পারব বলে আশা করছি।’ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় সিডিএমপি (কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম) কার্যক্রমের অংশ হিসেবে ফায়ার সার্ভিসের উদ্যোগে চট্টগ্রামে গত বছর এপ্রিল মাস থেকে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের কাজ শুরু হয়। কিন্তু গত ৩০ জুনের পর থেকে বাজেটসংকটের কারণে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘ইতিমধ্যেই আমরা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বাটালি পাহাড়ে সিটি করপোরেশনের দেয়াল ও আকবর শাহ মাজারে পাহাড়ধসের ঘটনায় স্বেচ্ছাসেবকেরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। এতে দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়েছে।’