ফি কম, তা-ও মানুষ আসে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ থাকা এবং স্বাস্থ্য রক্ষায় নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। কিন্তু পাড়া-মহল্লায় খেলার মাঠ নেই বললেই চলে। অধিকাংশ স্কুলেও থাকে না খেলার জায়গা। থাকলেও সময় মিলিয়ে খেলার সুযোগ পায় না সবাই। তাই গড়ে উঠছে ব্যায়ামাগার। ঢাকার দুই সিটি করপোরেশনেরও আছে এমন ৩০টি শরীরচর্চা কেন্দ্র। সেগুলোর হাল অবস্থা জানা যাবে এই আয়োজনে

ডিএসসিসি পরিচালিত কাপ্তানবাজারের সিটি ফিটনেস সেন্টারের এই ছবি গতকাল তোলা l প্রথম আলো
ডিএসসিসি পরিচালিত কাপ্তানবাজারের সিটি ফিটনেস সেন্টারের এই ছবি গতকাল তোলা l প্রথম আলো

কাপ্তানবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত শরীরচর্চা কেন্দ্রের সদস্য হতে লাগে ২০০ টাকা। মাসিক ফি মাত্র ২০ টাকা। তা-ও এখানে কম মানুষই শরীরচর্চা করতে আসেন।

কেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কেন্দ্রে বেশি যন্ত্র নেই। যেগুলো আছে, সেগুলোও অনেক পুরোনো। এ কারণে সদস্য কম।

কাপ্তানবাজারে ডিএসসিসি পরিচালিত শরীরচর্চা কেন্দ্রটির নাম সিটি ফিটনেস সেন্টার। তিনতলা ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশে কেন্দ্রের কার্যক্রম চলে। তৃতীয় তলায় ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়।

১ হাজার ১৫৫ বর্গফুট আয়তনের একটি কক্ষে ২০০৫ সালে ব্যায়ামাগারটি চালু হয়। কেন্দ্রটি দেখাশোনার জন্য আছেন একজন তত্ত্বাবধায়ক। প্রশিক্ষক একজন, তবে তিনি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

গতকাল বেলা ১টায় গিয়ে দেখা যায়, শরীরচর্চা কেন্দ্রটির দরজায় তালা দেওয়া। সেখানে ঝোলানো সূচি অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা, সকাল ১০টা থেকে বেলা ১টা, বেলা ২টা থেকে বিকেল ৫টা, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শরীরচর্চা করা যাবে।

কেন্দ্রটি বন্ধ দেখে মুঠোফোনে শরীরচর্চা কেন্দ্রের তত্ত্বাবধায়কআবদুল মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিকেল ৫টার দিকে খোলা হবে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তত্ত্বাবধায়ক এসে কেন্দ্রটি খোলেন। এরপর আধা ঘণ্টার মধ্যে চারজন সদস্য শরীরচর্চা কেন্দ্রে আসেন।

শরীরচর্চা কেন্দ্রটিতে আছে একটি টেন স্টেশন (১০ জন একসঙ্গে ব্যায়াম করতে পারেন এমন যন্ত্র), দুটো বেঞ্চ, পাঁচ জোড়া ডাম্বল। এ ছাড়া কেন্দ্রের সদস্যরা নিজেদের চাঁদায় বেলি মেশিন, সাউন্ড সিস্টেমসহ আরও চার-পাঁচটি ব্যায়ামের যন্ত্র কিনেছেন।

শরীরচর্চা কেন্দ্রের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন আবদুল মালেক। তিনি বলেন, দরজায় দেওয়া সূচি অনুযায়ী কেন্দ্রটি চলে না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্র বন্ধ থাকে। কারণ হিসেবে তিনি বলেন, এখানে বেশি যন্ত্রও নেই। যেগুলো আছে সেগুলোও অনেক পুরোনো। এ কারণে এখানে সদস্য কম। আবার অনেকে সদস্য হয়েও আসেন না।

নিবন্ধন খাতায় দেখা যায়, প্রতি সপ্তাহে গড়ে ১৫ থেকে ২০ জন সদস্য নিয়মিত শরীরচর্চা করতে আসেন। তাঁদের বেশির ভাগই ছাত্র।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাইসুল ইসলাম এই শরীরচর্চাকেন্দ্রে আসছে তিন মাস ধরে। সে বলে, ‘এখানকার যন্ত্রপাতিগুলো পুরোনো। যেগুলো আছে, সেগুলো দিয়ে কোনোমতে কাজ চালিয়ে যাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের একজন সদস্য বলেন, ব্যায়ামাগারের জন্য আরও বড় কক্ষ লাগে। এখানকার যন্ত্রগুলো পুরোনো এবং কয়েকটিতে মরিচা ধরে গেছে। বেঞ্চগুলোর কয়েকটির ফোম ছিঁড়ে গেছে। আর প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি নেই। এ কারণে কেন্দ্রের সদস্য কম।

কাপ্তানবাজারের এই শরীরচর্চা কেন্দ্রের বিষয়ে অল্প মানুষই অবগত। কাপ্তানবাজারের দোকানি আবুল কাশেম বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলরের অফিসের দোতলায় একটা ব্যায়াম করার জায়গা আছে শুনেছি। মানুষ যায় কি না, জানি না।’

কাপ্তানবাজারে বাজার করতে আসা মো. নাসির বলেন, ‘সিটি করপোরেশনের শরীরচর্চা কেন্দ্রে যেসব যন্ত্র আছে, সেগুলো দিয়ে এখন আর কেউ ব্যায়াম করে না। বেসরকারিগুলোতে গেলে পার্থক্য বোঝা যায়। সেগুলো দেখলে মনে হবে সরকারিগুলো কোনো জিমই না। কোনো মতে চলতে হবে বলে চলছে।’

গতকাল কেন্দ্রে গিয়ে জানা যায়, এখানে প্রশিক্ষক আছেন একজন। তবে তিনি ছুটিতে বাড়ি গেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রশিক্ষক মাসুদুর রহমান বলেন, ‘আমার মূল দায়িত্ব নাজিরাবাজার শরীরচর্চা কেন্দ্রে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিটি সেন্টারে তিন বছর ধরে দায়িত্ব পালন করছি।’

মাসুদুর রহমান বলেন, তিনি এই কেন্দ্রে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি জানান, যাঁরা নিয়মিত এই কেন্দ্রে আসেন, তাঁরা দরজায় দেওয়া সূচি তৈরি করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মেহেদি হাসান খান বলেন, দক্ষিণ সিটির সব শরীরচর্চা কেন্দ্র আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মেয়রের কাছে জমা দেওয়া হয়েছে। শিগগিরই শরীরচর্চাকেন্দ্রগুলোর আধুনিকায়ন হবে।