ফি কমানোর দাবিতে আন্দোলন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর নিবন্ধন এবং ভর্তি ফি কমানোর দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন এখনো চলছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার উপাচার্য আবদুস সাত্তারের কার্যালয়ে রিজেন্ড বোর্ডের এক বৈঠক নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই শেষ হয়।  

চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তাঁরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল বের করেন। সেমিস্টার পরীক্ষা বর্জন করে আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাসে আবারও অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

এ অবস্থায় গতকাল দুপুর ১২টায় রিজেন্ড বোর্ডের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি বৈঠকে তোলা হয়েছিল। কিন্তু বৈঠকে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি ফি যা ছিল, সেটি দিয়েই ১৮ জুনের মধ্যে এই কোর্সে ভর্তি হতে হবে। আর স্নাতক (সম্মান) শ্রেণীর নিবন্ধন ফি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিজেন্ড বোর্ডের পরবর্তী বৈঠকে তার মতামত উত্থাপন করবে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে। 

বোর্ডের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। স্নাতকোত্তরে ভর্তি ফি কমিয়ে ছয় হাজার টাকা ও সম্মানে নিবন্ধন ফি তিন হাজার টাকা করার দাবিতে তাঁদের এ আন্দোলন চলছে। 

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পীড়াপীড়ির কারণেই কোনো সরকারি বরাদ্দ ছাড়াই এ বছর থেকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় যা যা প্রয়োজন, তা-ই করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এই কোর্সে ভর্তি বাতিল করা হবে। তিনি আরও বলেন, সম্মান কোর্সে শিক্ষার্থীরা চার বছর ধরে সাড়ে চার হাজার টাকা করে নিবন্ধন ফি দিয়ে আসছেন। চার বছর পর এখন ওই ফি কমানোর দাবি অযৌক্তিক।