ফি ছাড়া ফরম পূরণে ব্যর্থ হয়ে অধ্যক্ষকে কক্ষে আটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত ফি ছাড়া উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ না করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষকে সন্ত্রাসীরা তাঁর কক্ষে আটকে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানিয়েছে, বিকেলে মোরশেদ, ইলিয়াছ, আরমান, মান্নানসহ সাত-আটজন স্থানীয় যুবক কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়ার কার্যালয়ে যায়। তারা কয়েকজন শিক্ষার্থীকে নির্ধারিত ফি ছাড়াই ফরম পূরণ করতে দেওয়ার জন্য চাপাচাপি শুরু করে। তাতে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের ওপর চড়াও হয় এবং কক্ষে ভাঙচুর করে। পরে তারা অধ্যক্ষকে কক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ফরম পূরণে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়। এরপর আমাকে তারা নাজেহাল করে। কক্ষে তালা মেরে দেয়।’জানা গেছে, ওই যুবকেরা নিজেদের ছাত্রলীগ ও যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেয়। তবে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন বলেন, ‘এ ধরনের কোনো নেতা আমাদের ছাত্রলীগ ও যুবলীগের কমিটিতে নেই। কিছু অছাত্র গিয়ে কলেজের অধ্যক্ষকে নাজেহাল করেছে। তারা হয়তো ছাত্র ও যুবলীগের নাম বিক্রি করে।’