ফি বাতিলের দাবিতে মিছিল, অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল সোমবার ক্যাম্পাসে মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন৷
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিভিন্ন অনুষদের দ্বিতীয় বর্ষের সাত শতাধিক শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। বেলা ১১টার দিকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন অনুষদের ভবন, প্রশাসন ভবন, কামাল-রঞ্জিত মার্কেট ও জব্বার মোড় ঘুরে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয় ’৭১-এর পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অতিরিক্ত সেমিস্টার ফি বাতিল এবং বর্ধিত টিএসসি উন্নয়ন ফি, ছাত্র সংসদ ফি ও ইন্টারনেট ফি প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। একই দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিজয় ’৭১-এর পাদদেশে সমবেত হওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার আগে প্রত্যেক শিক্ষার্থীকে অন্যান্য ফিসহ একটি নির্দিষ্ট অঙ্কের পরীক্ষা ফি দিতে হয়।
শুধু যাঁরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাঁদের ওপর সেমিস্টার ফির নামে এক হাজার ২০০ টাকা অতিরিক্ত ফি চাপিয়ে দিয়েছে প্রশাসন। অতীতে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সেমিস্টার ফি না থাকলেও ২০১২-১৩ সেশন থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা ফি ধার্য করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগেও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সেমিস্টার ফি বাতিলের দাবিতে বেশ কয়েকবার মিছিল ও ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত ২১ মে একাডেমিক কাউন্সিলের সভায় সেমিস্টার ফি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এরপর ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট কয়েকবার মিছিল করেছে এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। গত রোববার রাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রতিনিধিরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে সেমিস্টার ফি বহাল থাকবে বলে জানিয়ে দেন উপাচার্য মো. রফিকুল হক।
এ বিষয়ে উপাচার্য বলেন, ‘তাঁদের আন্দোলন অযৌক্তিক। এখানে আমার কিছু করার নেই।’